অযোধ্যায় রাম মন্দিরে অনুদান চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

By Suman Debnath

November 3, 2026 11:19 AM

অযোধ্যায় রাম মন্দিরে অনুদান চুরি মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় নতুন করে আর কোনও হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার শুনানিতে উত্তরপ্রদেশ সরকার আদালতকে জানায় যে, ইতিমধ্যেই এই ঘটনায় আটজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই মামলার উপর নজরদারি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়।বেঞ্চ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে আদালত স্পষ্ট করেছে যে, অভিযোগের সত্যতা নিয়ে তাঁরা কোনও মতামত দিচ্ছেন না, তাই এই নির্দেশে কোনও পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত, তাই আবেদনকারীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনত সাহায্য করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে রাম মন্দিরে জমা পড়া তিন হাজার কোটি টাকার বেশি নগদ অনুদান ও গয়না চুরির অভিযোগ সামনে আসে, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনা করে কংগ্রেস।কেন্দ্র, রাজ্য ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিসও পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা উত্তরপ্রদেশ পুলিশের সিট-এর তদন্ত রিপোর্ট পেশ করে জানান, সিসিটিভি ফুটেজে অন্তত ১০৫টি চুরির ঘটনা ধরা পড়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে প্রমাণ পেশ করা হয়েছে। অভিযোগ ছিল, প্রায় ৩,৫০০ কোটি টাকার নগদ এবং সোনা-রুপোর গয়নার একটা বড় অংশের হদিস মিলছিল না। তবে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় আপাতত এই মামলায় হস্তক্ষেপ থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:  ‘সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করুন, না হলে পাবেন না জল’, সিন্ধু জল চুক্তি নিয়ে স্পষ্ট বার্তা ভারতের

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment