রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত ট্রেনে মোবাইল চার্জ নয়, কড়া নির্দেশ

By Suman Debnath

October 29, 2026 4:07 PM

রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত ট্রেনে মোবাইল চার্জ নয়, কড়া নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বারবার বলা সত্ত্বেও কিছুতেই মানা হচ্ছে না নিয়ম। যাবতীয় নির্দেশিকাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই রাতভর ট্রেনে দেদার চলছে মোবাইল ফোন কিংবা ল্যাপটপ অথবা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া। এর ফলে ঘটছে দুর্ঘটনা। এমনকি অনেক সময় অগ্নিকাণ্ডের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হচ্ছে। সবমিলিয়ে প্রশ্ন উঠছে রেলের যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়েও। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ১২ বছর আগের নির্দেশিকা ফের নতুনভাবে জারি করল রেল বোর্ড। নির্দেশিকায় রেলমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে দূরপাল্লার চলন্ত মেল, এক্সপ্রেস ট্রেনে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনোমতেই ল্যাপটপ এবং মোবাইল ফোন চার্জে বসানো যাবে না। পাওয়ার ব্যাঙ্কও চার্জ করা যাবে না। 

ট্রেনের ‘অন বোর্ড’ দায়িত্বপ্রাপ্ত রেল কর্মীদের এক্ষেত্রে সারপ্রাইজ চেকিংয়ের নির্দেশও দিয়েছে রেলমন্ত্রক। এরই পাশাপাশি রেল যাত্রীদের উদ্দেশে জানানো হয়েছে, যদি ট্রেনে ‘ওভার নাইট’ জার্নির প্রয়োজন হয়, তাহলে ঘুমোতে যাওয়ার আগেই মোবাইল ফোন কিংবা ল্যাপটপ চার্জ দিয়ে রাখতে হবে। রেল বোর্ড সূত্রে এও জানানো হয়েছে, এবার থেকে এই ইস্যুতে অনেক বেশি কঠোর অবস্থান নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত রেল কর্মীই হোন, অথবা সাধারণ রেল যাত্রী—এসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ছবি সামনে এলে আইনানুগ পদক্ষেপ করা হবে। এসংক্রান্ত নির্দেশিকা রেল বোর্ড প্রথম জারি করেছিল ২০১৪ সালের ১৯ জুন। ২০১৩ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম রেলের বেঙ্গালুরু ডিভিশনে একটি দূরপাল্লার ট্রেনের থার্ড এসি কোচে আগুন লাগে। মোবাইল ফোন অথবা ল্যাপটপ চার্জিংয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছিল বলে সেইসময় রেলের তদন্তে উঠে আসে। ওই ঘটনার প্রায় ছ’মাস পর এসংক্রান্ত নির্দেশিকা জারি করে রেল জানায়, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলন্ত ট্রেনে কোনো বৈদ্যুতিন যন্ত্র চার্জ দেওয়া যাবে না। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত চার্জিংয়ের পাওয়ার পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেবেন দায়িত্বপ্রাপ্ত রেল কর্মীরা। অভিযোগ, নির্দেশিকা জারি হলেও তা মানা হচ্ছিল না। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের আওতায় একটি দূরপাল্লার ট্রেনে একই ঘটনা ঘটে। রাতভর চার্জিংয়ের সময় জনৈক যাত্রীর পাওয়ার ব্যাঙ্কে বিস্ফোরণ হয়। গোটা কামরা কালো ধোঁয়ায় ঢেকে যায়। যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই এসংক্রান্ত নির্দেশিকা পুনরায় জারি করল রেলমন্ত্রক। -ফাইল চিত্র

আরও পড়ুন:  নির্বাচনী ব্যয়ে বাংলাই বিজেপির খরচ ২৮৭ কোটি, পাঁচ রাজ্যে মোট কত?

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment