অন্ধ্রের উপকূলে অর্ণব আছড়ে পড়ার পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে। বুধবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ভোরে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ ছত্তীশগড় এবং দক্ষিণ ওড়িশার উপর অবস্থান করবে। ছত্তীশগড়ের জগদলপুর থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে এবং রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে সেটি।
পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সেটি আরও দুর্বল হয়ে পড়বে। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব এ রাজ্যে না থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
অন্যদিকে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
Leave a Comment