সিপাহীজলা, ১৭ অক্টোবর: সিপাহীজলা জেলার নিদয়া মাস্টারপাড়ায় একটি বাড়ির থাকার ঘর থেকে প্রায় ৯ ফুট লম্বা কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ সৈকত সেনের বাড়িতে সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী দলকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান Tripura Animal Aid Alliance-এর দুই সাপ উদ্ধারকারী কর্মী অসীম মজুমদার ও লকাই দে। তাঁরা সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকারী কর্মীদের দাবি, সিপাহীজলা জেলায় এই প্রথম কিং কোবরা উদ্ধারের ঘটনা ঘটল।
সাপটিকে উদ্ধার করার পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থল বেছে নিয়ে গভীর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনায় সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে-র উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। তাঁদের এই পদক্ষেপ বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে।
উদ্ধারকারী কর্মীরা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, বাড়ির আশপাশে কিংবা ঘরের ভিতরে সাপ দেখতে পেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা করবেন না। নিজে থেকে সাপ ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং দ্রুত প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীদের খবর দিন। এতে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীর জীবনও সুরক্ষিত রাখা সম্ভব।
Leave a Comment