শান্তিরবাজার, ১৬ অক্টোবর: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার কলসীরমুখ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক স্কুটি চালকের। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায়। মৃতের নাম অজয় শীল শর্মা। তিনি ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের কাজ সেরে টিআর ০৮ জি ৮৩০৯ নম্বরের স্কুটিতে চড়ে জোলাইবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন অজয় শীল শর্মা। সেই সময় কলসীরমুখ এলাকায় পৌঁছতেই টিআর ০৩ জে ১৭৩৯ নম্বরের একটি মালবাহী ট্রাক তাঁর স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাতে স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা এবং বাইখোড়া থানার পুলিশ। তাঁরা আহত স্কুটি চালককে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে অজয় শীল শর্মার মৃতদেহ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি শোকস্তব্ধ এলাকার বাসিন্দারাও।
Leave a Comment