হরমুজ প্রণালীতে ফের জাহাজের উপর হামলা। রবিবার ওমানের উপকূলের কাছে প্রণালী পেরোনোর সময় পর পর দু’টি জাহাজ আক্রান্ত হয়। দু’টি জাহাজেই ভারতীয় নাবিকেরা ছিলেন। প্রথম জাহাজটির দুই ভারতীয় নাবিকের এখনও খোঁজ মেলেনি। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। অবিলম্বে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার পাশাপাশি কূটনীতি ও আলোচনার মাধ্য়মে সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নিকারাগুয়ার পতাকাবাহী জাহাজ এমটি পেট্রো ডলফিনে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। রবিবার জাহাজটির উপর একটি ড্রোন আছড়ে পড়ে বলে অভিযোগ। তার পর ন’জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু’জনের সন্ধান পাওয়া যায়নি।
এর পর ওই একই পথে যাচ্ছিল মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ভলথেরা। এই জাহাজেও ১১ জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। দ্বিতীয় জাহাজটি আক্রান্ত হলেও তার সমস্ত নাবিক নিরাপদে রয়েছেন। নিখোঁজ দুই নাবিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওমানের উপকূলরক্ষী বাহিনী।
Leave a Comment