জোড়াবাগান এলাকা থেকে হারিয়ে যাওয়া নাবালিকার খোঁজ মিলল বউবাজার এলাকায়। জানা গিয়েছে, মহালয়ার দিন নিখোঁজ হয়ে গিয়েছিল ওই সাত বছরের নাবালিকা। মেয়ের খোঁজে দিনভর তল্লাশি চালিয়েও সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নামে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার ভোর রাতে বউবাজার থানা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়াবাগান থানা এলাকার ভাঙাবস্তির বাসিন্দা ওই নাবালিকা। মহালয়ার দিন দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে এলাকার একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে গিয়েছিল সে। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না মেলায় শেষ পর্যন্ত জোড়াবাগান থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তার বাবা শম্ভু বেরা।
অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। নিখোঁজ শিশুর সন্ধানে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে কুমোরটুলি এলাকায় শিশুটিকে দেখা যায়। রবীন্দ্র সরণি দিয়ে ধর্মতলার দিকে যেতে দেখা গেলেও, তার পর কোথায় সে গিয়েছে, তা স্পষ্ট হচ্ছিল না।
এর পরেই বিষয়টি গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের জানানো হয়। জোড়াবাগান থানার ওসি জয়দীপ দাসের নেতৃত্বে শুরু হয় তল্লাশি। শিশুটির বাবাকে সঙ্গে নিয়ে চিৎপুর ও কাশীপুর-সহ বিভিন্ন এলাকায় খোঁজ চালায় পুলিশ। বরাহনগরের বাজার এলাকাতেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি, আশপাশের থানাগুলিতে শিশুটির ছবি পাঠিয়ে সতর্ক করা হয়।
অবশেষে রবিবার ভোর রাতে বউবাজার থানা এলাকায় শিশুটির সন্ধান মেলে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় নাবালিকাকে।
শিশুকে ফিরে পেয়ে কলকাতা পুলিশের তৎপরতার প্রশংসা করেছে পরিবার। পরিবারের এক সদস্যের কথায়, অভিযোগ জানানোর পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ করে। থানার শীর্ষ আধিকারিক শিশুটির বাবাকে সঙ্গে নিয়ে নিজে তল্লাশিতে বেরিয়েছিলেন। মেয়েকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পরিবার।
Leave a Comment