আগরতলা, ১১ অক্টোবর: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশুকে আটক করল আমতলী থানার পুলিশ। শনিবার সকালে রুটিন টহলদারির সময় তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের নরসিংগড় হোমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রানা চ্যাটার্জি জানান, শনিবার সকালে সাব-ইন্সপেক্টর রুমা জমাতিয়া-সহ অন্যান্য পুলিশকর্মীরা রুটিন টহলদারির সময় আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুই মহিলা ও এক শিশুকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা বাংলাদেশের নাগরিক বলে জানা যায়। পরে তাঁদের আটক করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের দাবি, এর আগে হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর পুশব্যাক প্রক্রিয়ার জন্য তাঁদের ত্রিপুরায় পাঠানো হয়েছিল। অভিযোগ, পুশব্যাকের পর পুনরায় ভারতে প্রবেশ করে রেলপথে হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি অংশে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। এই পথ ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগও উঠছে। পাশাপাশি, আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় কিছু গাড়িচালকের কথিত দালাল ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
বর্তমানে আটক দুই মহিলা ও শিশুর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
Leave a Comment