ভোট চুরির অভিযোগ নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিরোধীদের অভিযোগ খারিজ না করে তার প্রমাণ জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী বলেন, তাঁদের অভিযোগ বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। শীঘ্রই রাষ্ট্রপতির কাছে প্রমাণ জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতির কাছে দেওয়া স্মারকলিপিতে গত দু’বছরে বিভিন্ন রাজ্যে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি।পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পেপার ব্যালটে ভোট ফেরানো, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানো, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন বাতিল এবং এসআইআর বন্ধ করার দাবি জানিয়েছে বিরোধীরা। ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়েছে।
এদিন পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিরোধী নেতাদের বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল করেন তাঁরা। কিন্তু বিজয় চকে পুলিশের বাধার মুখে পড়েন শতাধিক বিরোধী সাংসদ।রাষ্ট্রপতি ভবনে প্রবেশের অনুমতি পাওয়া কয়েকজন নেতা-নেত্রীই কেবল এগোতে পারেন। বাকিরা বিজয় চকে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
প্রতিনিধিদলে ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা। বৈঠকে পশ্চিমবঙ্গে ভোট লুটের অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, আগামী সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে যাওয়ার কর্মসূচির কথা জানিয়েছেন রাহুল গান্ধী। বিরোধীরা মঙ্গলবারও বড়সড় বিক্ষোভের পরিকল্পনা করেছে।
Leave a Comment