---Advertisement---

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

By Suman Debnath

September 22, 2026 7:10 PM

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

---Advertisement---


এশিয়ান গেমস কাবাডিতে জাপানের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টের ব্যবধানে হেরে পদকের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জাপানি দর্শকদের গর্জনমুখর পরিবেশে আক্রমণাত্মক প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই ধারাবাহিক ভুল করায় এই খেসারত দিতে হলো লাল-সবুজের দলকে। এই হারের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে হারানো ছাড়া এবং অন্য ম্যাচের ফলের ওপর নির্ভর করা ছাড়া আর কোনো পথ খোলা রইল না বাংলাদেশের সামনে।


এর আগে সোমবার শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে ২০ বছর পর ছেলেদের কাবাডি থেকে পদকের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েছিল আব্দুল জলিলের শিষ্যরা। কিন্তু বুধবার জাপানের বিপক্ষে কৌশলগত লড়াইয়ে পেরে ওঠেনি দল। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলা জাপানি রেইডার সুজুকির রণকৌশলের সামনে খেই হারিয়ে ফেলেন মিজানুর রহমান, আল আমিন ও নাসিরউদ্দিনরা। প্রথমার্ধেই এক লোনাসহ ২২–১৫ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।


দ্বিতীয়ার্ধেও একই চিত্র বজায় থাকে এবং একসময় পয়েন্টের ব্যবধান দশে গিয়ে দাঁড়ায়। ম্যাচের শেষ ১০ মিনিটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়ে ১ পয়েন্টে (৩৫–৩৪) এনে দারুণভাবে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে রেইডার দ্বীপায়নের ভুল এবং জাপানের সময়ক্ষেপণ ও কৌশলী খেলার কারণে শেষরক্ষা হয়নি। ফলে শেষ পর্যন্ত লড়াই করেও ৩৭ পয়েন্টে থেমে ঐতিহাসিক জয়ের আনন্দে মেতে ওঠা জাপানের কাছে হার মানতে হয় বাংলাদেশকে।


আমার বাঙলা/রাজীব

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment