আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরে নিজের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তবে পাকিস্তানের পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
একাধিক অভিযোগে অভিযুক্ত ৭৩ বছর বয়সি ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন। ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর সমগ্র পাকিস্তানে বড় ধরনের বিক্ষোভ ও আন্দোলনের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই কর্মসূচির ভয়ে সরকার ও প্রশাসন ভীত হয়ে পড়ে দেশজুড়ে পিটিআই নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। আলিমা খানকে গ্রেপ্তারের আগে পিটিআইয়ের আরও চার জন কর্মীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে দাবি করেছে দলটি। এদিকে বিক্ষোভের মোকাবিলায় রাওয়ালপিন্ডিতে পাক পুলিশের সদর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে এবং বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও তথ্য সংগ্রহ জোরদার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কারাবন্দি দেশটির বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের মুক্তি এবং তার সুচিকিৎসা ও নিরাপত্তার দাবিতে আন্তর্জাতিক ও দেশীয় ক্রিকেটমহল ক্রমশ সোচ্চার হচ্ছে। এর আগে সুনীল গাভাসকর, কপিল দেব ও ক্লাইভ লয়েডরা চিঠি দিয়ে তার নিরাপত্তা দাবি করেছিলেন। পাশাপাশি পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ, রামিজ রাজা, মইন খান এবং বর্তমান সময়ের তারকা প্যাট কামিন্সরাও ইমরান খানের সঙ্গে মানবিক আচরণের জোরালো দাবি জানিয়েছেন।
আমার বাঙলা/রাজীব








Leave a Comment