---Advertisement---

বাংলাদেশের জ্বালানি সংকটে ফের পাশে ভারত, ৪৭ লাখ লিটার ডিজেল সরবরাহ

By Suman Debnath

September 17, 2026 8:30 PM

বাংলাদেশের জ্বালানি সংকটে ফের পাশে ভারত, ৪৭ লাখ লিটার ডিজেল সরবরাহ

---Advertisement---


বাংলাদেশকে ফের বিপুল পরিমাণ ডিজেল দিয়ে সহায়তার হাত বাড়াল ভারত। এ দফায় প্রায় চার হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল সরবরাহ করেছে দিল্লি। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সেই ডিজেল পৌঁছে গিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোয়।

ভারতের এই পদক্ষেপের পরেই বাংলাদেশের সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই ভারতের এই সহায়তার প্রশংসা করে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একাধিক বার আমন্ত্রণ জানানো সত্ত্বেও কেন তিনি এখনও দিল্লি সফরে যাচ্ছেন না। দিল্লিতে সদ্য অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যানও তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরে ভারত যাওয়ার আমন্ত্রণও তিনি পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই। ফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে দ্রুত সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছিলেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশের সমাজমাধ্যম ও রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যে দেশ বাংলাদেশের জ্বালানি সংকটে বার বার পাশে দাঁড়াচ্ছে, সেই ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হচ্ছে না কেন? তাঁদের বক্তব্য, সংকটের সময়ে ভারত প্রকৃত বন্ধুর মতোই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই গুরুতর জ্বালানি সংকটে পড়েছিল বাংলাদেশ। সেই সময়ও দ্রুত বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করে ঢাকাকে সহায়তা করেছিল দিল্লি। মার্চে পশ্চিম এশিয়ার সংকটের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি হলে বাংলাদেশেও তার প্রভাব পড়ে। সেই সময় ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠানো হয়।

এর পর এপ্রিল মাসে আরও ২৫ হাজার মেট্রিক টন এবং মে মাসে আট হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করে ভারত। জুলাইয়েও ভারত থেকে আট হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ। এবার ফের চার হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করল ভারত। ফলে বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে ভারতের ধারাবাহিক সহায়তার বিষয়টি আবারও সামনে এল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment