---Advertisement---

দীর্ঘদিন ভোট নেই, অচল ছাত্র সংসদ! নির্বাচন নিয়ে ফের আদালতের দ্বারস্থ আইনজীবী

By Suman Debnath

September 16, 2026 5:15 PM

দীর্ঘদিন ভোট নেই, অচল ছাত্র সংসদ! নির্বাচন নিয়ে ফের আদালতের দ্বারস্থ আইনজীবী

---Advertisement---


রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন? দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছে একাধিক ছাত্র সংসদ ও স্টুডেন্ট কাউন্সিল। এই অভিযোগে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। আগামী ৭ অক্টোবর মামলাটি শুনবে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতেও দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এবার সেই মামলার দ্রুত শুনানির দাবিতে আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী।

উল্লেখ্য, গত বছর কসবার একটি আইন কলেজে ছাত্রীকে ইউনিয়ন রুমে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই পরিস্থিতিতে ৩ জুলাই ইউনিয়ন রুম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার জন্য উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছিল।

আদালতের পর্যবেক্ষণ ছিল, কোনও কলেজে বৈধ ছাত্র সংসদ না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখার প্রয়োজন নেই। জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে কারণ জানিয়ে আবেদন করে তালা খোলার ব্যবস্থা করার কথাও বলা হয়। এর পাশাপাশি আদালত সরাসরি রাজ্যের কাছে জানতে চেয়েছিল, কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না? ‘নির্বাচনে সমস্যা নেই’, আদালতে জানিয়েছিল পূর্বতন রাজ্য সরকার।

তখন রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নির্বাচন করাতে রাজ্যের কোনও সমস্যা নেই। তবে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য না থাকা এবং নির্বাচন করানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির অনীহার বিষয়টি আদালতে তুলে ধরা হয়। এরপর বিচারপতি সৌমেন সেন মৌখিক ভাবে রাজ্যকে দ্রুত জানাতে বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচন কী ভাবে করা হবে এবং এ বিষয়ে সরকারের প্রস্তাব কী।

আরও পড়ুন: বাতাসে পুজোর আমেজ, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে কী পরিস্থিতি?

পরবর্তী পর্যায়ে হাইকোর্ট রাজ্যকে আগে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেয়। তার পরবর্তী বিষয় আদালত ঠিক করবে বলেও জানানো হয়েছিল। কিন্তু সময় গড়ালেও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন আর হয়নি। ফলে ফের আদালতের নজরে এল সেই পুরনো প্রশ্ন, কবে হবে ছাত্র সংসদ নির্বাচন? কেনই বা এতদিন ধরে ভোট বন্ধ? আগামী ৭ অক্টোবরের শুনানিতে সেই প্রশ্নের উত্তর মিলবে কি না সেটাই বড় প্রশ্ন। কারণ রাজ্যের পালাবদলের বর্তমান সরকারের কলেজ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান কি সেদিনই জলের মতো পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment