---Advertisement---

আইএসএলে আর দেখা যাবে না জামশেদপুর এফসি! নয় বছরের অধ্যায়ে ইতি, ভারতীয় ফুটবলে বড় ধাক্কা

By Suman Debnath

July 31, 2026 9:11 PM

আইএসএলে আর দেখা যাবে না জামশেদপুর এফসি! নয় বছরের অধ্যায়ে ইতি, ভারতীয় ফুটবলে বড় ধাক্কা

---Advertisement---


ভারতীয় ক্লাব ফুটবলে আরও এক বড় ধাক্কা। ২০২৬-২৭ মরসুম থেকে আর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ খেলবে না জামশেদপুর এফসি। শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়ে দিয়েছে, নতুন মরসুমে তারা আইএসএলে অংশ নিচ্ছে না। এর ফলে দেশের এক নম্বর লিগে টানা ন’বছরের পথচলার ইতি ঘটল টাটা স্টিল-সমর্থিত ক্লাবটির।

জানা গিয়েছে, আইএসএলের নতুন ক্লাব-নেতৃত্বাধীন বাণিজ্যিক কাঠামোর অধীনে অংশগ্রহণের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রথম কিস্তির পার্টিসিপেশন ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই সময়সীমা মেনে চলতে পারেনি জামশেদপুর। সেই কারণেই শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।

২০১৭-য় আইএসএলে আত্মপ্রকাশ করেছিল জামশেদপুর এফসি। খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশের অন্যতম প্রতিযোগিতামূলক ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। ২০২১-২২ মরসুমে লিগ শিল্ড জিতে ইতিহাস গড়েছিল দলটি। এছাড়া একাধিকবার প্লে-অফেও জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু নতুন প্রশাসনিক ও আর্থিক কাঠামোর জেরে শেষ পর্যন্ত আইএসএলের মঞ্চ ছাড়তে বাধ্য হল ক্লাবটি।

আরও পড়ুন:  বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে ইতিহাসের হাতছানি! শিরোপা জিতলেই একসঙ্গে গড়তে পারেন ১১টি রেকর্ড

এই সিদ্ধান্তে ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে আইএসএলের পরিচালন কাঠামো, বাণিজ্যিক মডেল এবং ক্লাবগুলির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষাপটে জামশেদপুরের সরে দাঁড়ানো ভারতীয় ক্লাব ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

তবে ক্লাব সূত্রে জানানো হয়েছে, আইএসএল থেকে সরে দাঁড়ালেও জামশেদপুর এফসি সম্পূর্ণভাবে ফুটবল ছেড়ে দিচ্ছে না। ইউথ ডেভলপমেন্ট, টাটা ফুটবল অ্যাকাডেমি এবং অন্যান্য ফুটবল টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ আগের মতোই থাকবে।

জামশেদপুর সরে দাঁড়ালেও ইন্টার কাশী অবশ্য তাদের পার্টিসিপেশন ফি-র প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকা এদিনই জমা দেয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment