রাতের কলকাতায় যাতায়াত আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১ অগস্ট থেকে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা বিমানবন্দর এবং শহরের একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাড়ানো হচ্ছে সরকারি বাস পরিষেবা। রাতের ট্রেন, মেট্রো এবং বিমানের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহণ দপ্তরের দাবি, যাত্রী চাহিদা বেশি থাকা রুটগুলিতে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকেও রাতের পরিষেবায় অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অতীতে নাইট বাস পরিষেবা চালু হলেও যাত্রী কম থাকায় তা দীর্ঘদিন টেকেনি। এবার সেই অভিজ্ঞতা মাথায় রেখে শুধুমাত্র যেসব রুটে রাতে যাত্রী চলাচল বেশি, সেখানেই অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য, পরিষেবা যাতে স্থায়ীভাবে চালু রাখা যায়।
বিশেষ করে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে রাতের শেষ ট্রেনে পৌঁছানো বহু যাত্রীকে বাস না পেয়ে সমস্যায় পড়তে হয়। তাঁদের মধ্যে অনেকেই পরদিন ভোরে মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আরজি কর, এনআরএস কিংবা অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আগেভাগে পৌঁছাতে চান। কিন্তু গভীর রাতে পর্যাপ্ত গণপরিবহণ না থাকায় দুর্ভোগের মুখে পড়তে হয়। একই অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল কলকাতা বিমানবন্দর থেকেও, বিশেষ করে রাত ৯টার পর বাসের অভাব নিয়ে।
সম্প্রতি মেট্রোর শেষ পরিষেবার সময় বাড়ানো হলেও, মেট্রো স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের অসুবিধা হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই ট্রেন, মেট্রো ও বিমানের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাতের বাস পরিষেবার নতুন পরিকল্পনা করা হয়েছে।
পরিবহণ দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, বহু রুটে বাসের শেষ ট্রিপের সময় বাড়িয়ে রাত ১০টা এবং সাড়ে ১০টা পর্যন্ত করা হবে। যেসব গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত বাস চলবে, তার মধ্যে রয়েছে নীলগঞ্জ ডিপো–হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন–পাটুলি, হাওড়া স্টেশন–গড়িয়া বাস স্ট্যান্ড, গড়িয়া বাস স্ট্যান্ড–হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন–বালিগঞ্জ স্টেশন, ডানলপ–বালিগঞ্জ স্টেশন, উল্টোডাঙা–ইকো স্পেস (নিউ টাউন) এবং কলকাতা বিমানবন্দর–গড়িয়া বাস স্ট্যান্ড।
এছাড়াও ধাপে ধাপে ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা ও বারাসত-কেন্দ্রিক আরও কয়েকটি রুটে রাতের বাস পরিষেবা সম্প্রসারণ করা হবে। বিমানবন্দর, ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজি অভিমুখেও অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরেই মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আরজি কর, এনআরএস, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের পাশাপাশি ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালগুলিতে রাতের বাস পরিষেবা বাড়ানোর দাবি উঠছিল। সেই দাবির কথা বিবেচনা করেই হাসপাতাল-সংলগ্ন রুটগুলিতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাতের গণপরিবহণ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে পরিবহণ মহল। পরিকল্পনা সফল হলে রাতের ট্রেন, বিমান ও মেট্রো ব্যবহারকারী হাজার হাজার যাত্রীর যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হবে।
Leave a Comment