ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ। ওই জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিল। খারাপ আবহাওয়ার মধ্যে জাভা সাগরে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। শনিবার রাতে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনও পর্যন্ত অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। ১০২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার প্রশাসন। তবে এখনও পর্যন্ত ১৪০ জন নিখোঁজ রয়েছেন।
ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভার সুরাবায়া থেকে যাত্রা শুরু করেছিল। সেটির গন্তব্য ছিল দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন। কিন্তু জাভা সাগরের মধ্যে খারাপ আবহাওয়ার কারণে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
যোগাযোগ করতে না পারার পরেই জাহাজটির সঙ্গে শেষ অবস্থান চিহ্নিত করে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। পরে উদ্ধারকারী সংস্থা জানায়, এখনও পর্যন্ত ১০২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রী ও ক্রুদের কী অবস্থা, তাঁরা কোথায় রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
নিখোঁজদের সন্ধানে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল ফেরি ও যাত্রীবাহী জাহাজ। দেশের বিভিন্ন দ্বীপের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে সমুদ্রপথ তুলনামূলক সস্তা ও সহজলভ্য। বিশেষ করে যেখানে বিমান পরিষেবা সীমিত, সেখানে ফেরির উপরেই বেশি নির্ভর করতে হয়।
আরও পড়ুন: দীর্ঘদিন অনুসরণের পর ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে খুন, আত্মঘাতী অভিযুক্ত
তবে ইন্দোনেশিয়ায় জাহাজ দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক নৌ-দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে জলপথের নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা বিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ইন্দোনেশিয়ায় ফের যাত্রীবাহী জাহাজে দুর্ঘটনার খবর মিলল।
Leave a Comment