---Advertisement---

হাইকোর্টে ধাক্কা লায়েক আলির, রক্ষাকবচের আবেদন খারিজ আদালতের

By Suman Debnath

July 23, 2026 2:40 PM

হাইকোর্টে ধাক্কা লায়েক আলির, রক্ষাকবচের আবেদন খারিজ আদালতের

---Advertisement---


লায়েক আলির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। পুলিশের বিরুদ্ধে সুরক্ষা চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লায়েক আলি। তবে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দিলেন।

মূলত পুলিশি হেনস্থা ও একাধিক হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে বামপন্থী নেতা লায়েক আলি কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারী ইতিমধ্যেই পুলিশ হেফাজতে থাকায় এই পরিস্থিতিতে রক্ষাকবচ সংক্রান্ত আবেদন গ্রহণযোগ্য নয়। তবে লায়েক আলি চাইলে অন্য আদালতের দ্বারস্থ হতে পারেন বলে এদিন জানিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এই নৃশংস ঘটনার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদও করা হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অভিযোগ, সেই সময়ে বিক্ষোভকারীরা কয়েকটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে হামলারও অভিযোগ ওঠে।

আরও পড়ুন:  ফের অভিষেকের অফিসে চলল বুলডোজার

সেই সময় পুরো বিষয়টি নিয়ে মামলা রুজু করে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে নামার পরেই বিভিন্ন তথ্য ও অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতা লায়েক আলির নাম উঠে আসে। তদন্তকারীদের দাবি, বিক্ষোভের সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন। এমনকী সেখানে উত্তেজনা ছড়ানোর পিছনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে পুলিশ জানিয়েছিল।

যদিও সেই সময় লায়েক আলি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। রাজনৈতিক উদ্দেশ্যেই সমস্তটা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন। এরপরই নিজের নিরাপত্তার দাবিতে তিনি আদালতের শরণাপন্ন হন। আজ কলকাতা হাইকোর্টে লায়েক আলির সেই মামলারই আবেদন খারিজ করা হল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment