---Advertisement---

‘বিজেপি এখন আমায় পাত্তা দেয় না’, ক্ষোভ উগরে দিলেন সাংসদ অনন্ত মহারাজ

By Suman Debnath

July 19, 2026 3:55 PM

‘বিজেপি এখন আমায় পাত্তা দেয় না’, ক্ষোভ উগরে দিলেন সাংসদ অনন্ত মহারাজ

---Advertisement---


ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গের প্রভাবশালী নেতা অনন্ত মহারাজ। রাজনীতির আঙিনায় তাঁর অবস্থান বরাবরই রহস্যপূর্ণ। বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। পরিবর্তে অনন্তকে ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করে পাল্টা প্রতিদান দিয়েছিলেন মমতাও। রাজ্যসভার সাংসদ হলেও অনন্ত সেভাবে বিজেপিতে গুরুত্ব পান না। রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শনিবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। সেই বৈঠকে উত্তরের পাঁচ জেলার প্রশাসনিক ও দলীয় স্তরে সব বিধায়ক সাংসদ ডাক পেলেও আমন্ত্রিত ছিলেন না নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। ওই ঘটনার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনন্ত।

আরও পড়ুন:  গা-ঢাকা দেওয়া নির্মল ঘোষ এলেন প্রকাশ্যে, পুলিশ এড়িয়ে গেলেন ঋতব্রত শিবিরে

বিজেপি সাংসদের দাবি, তিনিই বাংলায় বিজেপিকে নিয়ে এসেছেন। তাঁর দৌলতেই দল রাজ্যে সরকার গড়েছে। কিন্তু বিজেপি এখন কুত্তাকে সমাদর করলেও তাঁকে পাত্তা দেয় না। দলের বিরুদ্ধে অনন্তর এই বিষোদগারকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবার উত্তরকন্যায় শাহ যখন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে জরুরি বৈঠকে ব্যস্ত, সে সময় দিনহাটায় অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন অনন্ত মহারাজ। জেলায় থেকেও শাহর বৈঠকে আমন্ত্রণ পাননি অনন্ত।

স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কেন তাঁকে ডাকা হয়নি, সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ বলেন, ‘উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যে আমিই বিজেপিকে নিয়ে এসেছি। সেটা ওরা ভুলে গিয়েছে। এখন রাজ্যে দলের সরকার হয়েছে। তাই ওরা অতীত ভুলে গিয়েছে। এখন ওরা কুত্তাকে আদর করলেও, আমাকে পোছে না। আমার সঙ্গে শুধু মনভোলানো কথাবার্তা বলে। বুঝতে পারছি না আমি কাকে বিশ্বাস করব?’

আরও পড়ুন:  ‘আজ থেকেই রাস্তায় নামলাম, বিজেপিকে বাংলা-দেশ থেকে উৎখাত করব’! জনসমুদ্রের সামনে ২১ জুলাইয়ে হুঙ্কার মমতার

উল্লেখ্য, ২০২৬-এর নির্বাচনে বিপুল জয়ের পর বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। তবে বিজেপি ক্ষমতায় আসার পর কোনও প্রশাসনিক বা দলীয় কর্মসূচিতে অনন্তকে দেখা যায়নি। এমনকী, বিধানসভা নির্বাচনের প্রচারেও তাঁকে সেভাবে কোনও দায়িত্ব দেয়নি দল। নিজের গ্রেটার সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থেকেছেন অনন্ত মহারাজ। এরই মধ্যে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও একাধিকবার বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল অনন্তর মুখে। তবে অনন্তর এদিনের মন্তব্য নিয়ে জেলা বিজেপি নেতৃত্বের কেউই পাল্টা কোনও প্রতিক্রিয়া জানাননি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment