---Advertisement---

‘কারও খারাপ লাগলে লাগুক…’, ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে বিস্ফোরক মেসি, সমালোচকদের দিলেন কড়া বার্তা

By Suman Debnath

July 16, 2026 12:35 PM

‘কারও খারাপ লাগলে লাগুক…’, ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে বিস্ফোরক মেসি, সমালোচকদের দিলেন কড়া বার্তা

---Advertisement---


বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক। কখনও রেফারির সিদ্ধান্ত, কখনও VAR, আবার কখনও ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ— একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে লিওনেল মেসিদের। তবে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আর কোনও রাখঢাক না রেখে সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন লিওনেল মেসি। তাঁর স্পষ্ট বক্তব্য, আর্জেন্টিনার সাফল্য কোনও উপহার নয়, কঠোর পরিশ্রমেরই ফল।

বিশ্বকাপে আলজিরিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে শুরু করে মিশর ও সুইৎজারল্যান্ডের বিপক্ষে VAR-এর সিদ্ধান্ত— একাধিক ম্যাচে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল ‘ফিফা মেসিকে বিশ্বকাপ জেতাতে চাইছে’— এমন নানা দাবি।

এই বিতর্কের মধ্যেই সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি বলেন, “কারও খারাপ লাগলে লাগুক। গত চার বছর ধরে আমরাই বিশ্বের অন্যতম সেরা দল। মানুষ যা খুশি বলতে পারে, কিন্তু আবারও আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এটা প্রমাণ করে আমাদের সাফল্য কোনও কাকতালীয় ঘটনা নয়। কেউ আমাদের কিছু উপহার দেয়নি।”

আর্জেন্টিনা অধিনায়কের মতে, টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ওঠা কোনও সাধারণ ঘটনা নয়। তাঁর কথায়, খুব কম দলই এমন ধারাবাহিকতা দেখাতে পারে। সেই কারণেই দলের সাফল্যকে ভাগ্য বা বাইরের সাহায্যের সঙ্গে জুড়ে দেখা ঠিক নয়।

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়েও সরাসরি প্রতিক্রিয়া দেন মেসি। তিনি বলেন, “আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে আবার নানা ধরনের অর্থহীন কথা বলত। কিন্তু আমরা কাউকে সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় মানের বিচারে আমরা শক্তিশালী দল। তবে এই ধরনের নকআউট ম্যাচে সব সময়ই ঝুঁকি থাকে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে গোল না করলেও জোড়া অ্যাসিস্ট করে দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। ফলে সমর্থকদের একাংশের মতে, মাঠের পারফরম্যান্সই সব বিতর্কের সবচেয়ে বড় জবাব।

ফাইনালের আগে মেসির এই মন্তব্য ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর্জেন্টিনা কি সমালোচনার জবাব ট্রফি জিতেই দেবে, এখন সেই দিকেই তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment