---Advertisement---

সিএবি-তে যুগ্মসচিব নির্বাচন নিয়ে জমজমাট নাটকে কি শাসক গোষ্ঠি বদলের ইঙ্গিত? কী বলছে ওয়াকিবহাল মহল?

By Suman Debnath

July 13, 2026 8:40 PM

সিএবি-তে যুগ্মসচিব নির্বাচন নিয়ে জমজমাট নাটকে কি শাসক গোষ্ঠি বদলের ইঙ্গিত? কী বলছে ওয়াকিবহাল মহল?

---Advertisement---


রাজ্য ক্রিকেট সংস্থা সিএবি-র যুগ্ম সচিবের পদে নির্বাচন নিয়ে শুরু হয়ে গিয়েছে টানটান নাটক। ঘটনাপ্রবাহ যেদিকে যাচ্ছে, তাতে ভবিষ্যতে এ রাজ্যের ক্রিকেট রাজনীতিতে যে আরও অনেক নাটক বাকি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।

সম্প্রতি তাঁর বয়স ৭০ বছর পেরিয়ে যাওয়ায় বাংলার প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষকে সিএবি-র যুগ্মসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছিল, ভোটাভুটির মাধ্যমে তাঁর পরিবর্ত বাছাইয়ের জন্য ২০ জুলাই বিশেষ সাধারণ সভা হবে এবং সে জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ১২ জুলাই, অর্থাৎ রবিবার। কিন্তু দেখা যায়, এই সময়সীমার মধ্যে কোনো যুগ্মসচিব পদপ্রার্থী মনোনয়নই জমা দেননি। অদ্ভূত এই পরিস্থিতিতে সিএবি-র ভবিষ্যৎ পদক্ষেপ কী হওয়া উচিত, তা আলোচনার জন্য বুধবার বিকেলে এক জরুরি সভা ডেকেছে সিএবি।

এখানেই প্রশ্ন ওঠে, সম্প্রতি একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও সংস্থার যুগ্ম সচিব পদে বসার ইচ্ছা প্রকাশ করে কোনো মনোনয়নপত্র জমা পড়ল না কেন? কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও পিছু হঠেন। এর কারণ কী?

শোনা যায়, সিএবি-র অনুমোদিত সংস্থাগুলির মধ্যে অনেকগুলি সংস্থাই ২০ জুলাইয়ের বিশেষ সভার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই সংস্থাগুলির মধ্যে যেমন ১৮টি জেলা সংস্থা রয়েছে, তেমনই অন্তত দশটি ক্লাবও রয়েছে বলে জানা গিয়েছে।

তাদের বক্তব্য দীর্ঘ, যার নির্যাস হল, গত বছর যে বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বর্তমান কমিটি গঠিত হয়, সেই সভায় এমন অনেকেই প্রতিনিধিত্ব করেছিলেন, যাঁদের সেই সভায় প্রতিনিধিত্ব করার আইনি যোগ্যতা ছিল না। যে আইন অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড ও তাঁর অনুমোদিত সংস্থাগুলি চলে, সেই বিচারপতি লোধা আইনের শর্ত মেনে অনেকেই সেই সভায় ছিলেন না। সরাসরি না বলা হলেও, এই চিঠিতে পরোক্ষভাবে দাবি করা হয়, গত বছর যে বার্ষিক সভায় বর্তমান কমিটির সদস্যদের বাছাই করা হয়েছিল, সেই সভা বৈধ ছিল না।

আরও পড়ুন:  ইংল্যান্ড সফর শেষেই গম্ভীর-বাহিনী নিয়ে পর্যালোচনায় বসবে বোর্ড, তবে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়

আগামী ২০ জুলাই যে বিশেষ সভা ডাকা হয়, সেই সভাতেও সিএবি-র একাধিক অনুমোদিত সংস্থা লোধা আইনের শর্ত পালন না করেই প্রতিনিধি মনোনিত করেছে বলে এই চিঠিতে অভিযোগ করা হয়। প্রায় ৩০টি সংস্থা থেকে এমন মারাত্মক অভিযোগ জমা পড়ার খবর জানাজানি হতেই প্রার্থী হিসেবে কেউ মনোনয়ন জমা দেয়নি বলে ওয়াকিবহাল মহলের ধারনা।

আরো অবাক করার মতো বিষয়, সিএবি-র একটি সূত্র দাবি করেছে, যে সংস্থাগুলি এই অভিযোগগুলি তুলেছে, সেই সংস্থার চিঠিগুলির বয়ান প্রায় একই রকমের। যা থেকে এটাই মনে হয় যে, এই চিঠিগুলির বয়ানের উৎস্য একই। যেন কোনো এক ব্যক্তি বা সংস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এই অভিযোগগুলি তোলার ‘নির্দেশ’ দিয়েছে।

ফলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, সৌরভ গঙ্গাপাধ্যায়ের নেতৃত্বাধীন বর্তমান শাসক গোষ্ঠিকে সমস্যায় ফেলতেই কি এই চিঠিগুলি পাঠিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে? কোন গোষ্ঠি এতে মদত দিচ্ছে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। যেহেতু ১৮টি জেলা সংস্থা থেকে প্রায় একই বয়ানের চিঠি পাঠানো হয়েছে বলে খবর, তাই অনেকে মনে করছেন, এর পিছনে রাজ্যের নতুন সরকারের হাতও থাকতে পারে।
এই বিষয়ে অবশ্য প্রশাসনিক স্তরে বা কোনো নির্দিষ্ট গোষ্ঠির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে এক ক্লাব প্রতিনিধি, যারা এমন কোনো চিঠি পাঠায়নি বলে দাবি জানিয়েছ, তিনি নাম না প্রকাশ করার শর্তে ‘দৈনিক স্টেটসম্যান’-কে বলেন, “বর্তমান শাসক গোষ্ঠিকে চাপে ফেলার জন্যই সম্ভবত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে শেষ পর্যন্ত এ বছর ফের বার্ষিক সভা ডেকে সিএবি-র প্রশাসনের খোলনলচে বদলে দেওয়া যায়। এটাই মনে হয় আসল উদ্দেশ্য। তবে সংখ্যায় এরা বেশি নয়। ফলে শেষ পর্যন্ত এরা কতটা কী করতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে। তবে এটা ঠিকই যে, এই ‘যুদ্ধে’-র প্রথম রাউন্ডে বর্তমান শাসক গোষ্ঠি ডাহা হেরে গিয়েছে”।

আরও পড়ুন:  ৬৪ দলের বিশ্বকাপের ভাবনা ফিফার! ভারতের সামনে কি খুলবে নতুন দরজা?

এই ধারনাই যদি সত্যি হয়, তা হলে বলতেই হচ্ছে সিএবি-র বর্তমান শাসক গোষ্ঠিকে অদূর ভবিষ্যতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। অভিযোগকারীরা যদি প্রমাণ করতে পারেন যে, গত বছর সেপ্টেম্বরে যে বার্ষিক সভা হয়েছিল, তা বৈধ ছিল না, তা হলে কিন্তু এ বছর বার্ষিক সভায় নতুন কোনো শাসক গোষ্ঠি ক্ষমতায় আসতে পারে। সেই গোষ্ঠির নেতৃত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন কি না, তা এখন থেকেই বলা কঠিন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment