নবারুন চক্রবর্তী, ২৪ ডিসেম্বর ২০২৫: ৩৭ ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে নলুয়া এলাকায় সিপিআই(এম)-এর ঘাতক বাহিনীর হাতে নিহত দীর্ঘ বাম বিরোধী আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি ও শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়। দিনভর এই অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত প্রাক্তন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, ৩৭ ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল, প্রাক্তন মণ্ডল সভাপতি অশেক বৈদ্য, রাজনগর বিধানসভার বিধায়িকা স্বপ্না বৈদ্যসহ বিভিন্ন বুথ থেকে দায়িত্বপ্রাপ্ত দলীয় কর্মকর্তারা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাম বিরোধী আন্দোলনে যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য এই বীর শহীদরা যে লড়াই চালিয়েছেন, তা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও ত্যাগকে সামনে রেখে সংগঠন আরও শক্তিশালীভাবে মানুষের পাশে দাঁড়াবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ পরিবারগুলির হাতে সম্মাননা ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। আবেগঘন পরিবেশে শহীদদের স্মৃতির প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান সমাপ্ত হয়।









Leave a Comment