ইংল্যান্ডের টেস্ট দলের নতুন হেড কোচ হতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়? ব্রিটিশ মিডিয়ায় তেমনই খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় নাকি রয়েছেন ‘দ্য ওয়াল’। তবে এমন দাবিও করা হয়েছে যে, পুরো সময়ের জন্য কোচিংয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে বিশেষ আগ্রহী নন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।
‘ডেইলি টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাককালামের পরিবর্ত হিসেবে যাঁদের নাম বিবেচনা করা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, প্রাক্তন ইংল্যান্ড স্পিনার ও বর্তমানে গ্ল্যামরগানের প্রধান কোচ রিচার্ড ডসন এবং রাহুল দ্রাবিড়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেয়। আগামী বছরের অ্যাশেজকে সামনে রেখে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-২০ দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
৫৩ বছর বয়সি দ্রাবিড় ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে তুলেছিলেন এবং ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি ছিলেন তিনি। তাঁর নিখুঁত পরিকল্পনা, শৃঙ্খলাবদ্ধ কোচিং পদ্ধতি এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞানের জন্যই তাঁকে এই পদের অন্যতম যোগ্য দাবিদার বলে মনে করা হচ্ছে।
তবে প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পুরো সময়ের জন্য কোচিং করার কোনও ইচ্ছা নেই দ্রাবিড়ের। যদিও ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নিলে তিনি বছরের অনেকটা সময় ভারতে, নিজের পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন এবং তাঁর সবচেয়ে প্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেটেরও উন্নতির সুযোগ পাবেন। সেই কারণেই এই দায়িত্ব নিতে তাঁর আগ্রহ আছে কি না, তা ইংল্যান্ড বোর্ডের খতিয়ে দেখা উচিত বলে প্রতিবেদনে মত প্রকাশ করা হয়েছে।
এদিকে, এই পদের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে জিম্বাবোয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে। সাম্প্রতিককালে ইংল্যান্ডের অন্যতম সফল কোচ তিনি। তাঁর কোচিংয়ে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছে এবং টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর সাফল্য উল্লেখযোগ্য। সম্প্রতি তিনি টানা দু’বার আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
এছাড়া সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা, ইংল্যান্ড লায়ন্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারের নামও। তবে শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়কে নতুন ভূমিকায় দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে।
Leave a Comment