‘হিন্দু ধর্মকে তুমি কী বাঁচাবে?’ বাগেশ্বর বাবাকে ‘পাখণ্ডী’ বলে তোপ রামদেবের

By Suman Debnath

November 24, 2026 8:55 PM

‘হিন্দু ধর্মকে তুমি কী বাঁচাবে?’ বাগেশ্বর বাবাকে ‘পাখণ্ডী’ বলে তোপ রামদেবের


আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাগেশ্বর ধাম সরকারের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী (Dhirendra Krishna Shastri)। পুজোর সময়ে আমিষ খাওয়া ব্যক্তিদের ‘পাখণ্ডী’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার পাল্টা আক্রমণ যোগগুরু বাবা রামদেবের (Baba Ramdev)। সরাসরি নাম না করলেও বাগেশ্বর বাবাকে নিশানা করেই তাঁর কটাক্ষ, ‘আরে পাখণ্ডী, তুমি হিন্দু ধর্মকে কী বাঁচাবে?’ জামশেদপুরের একটি অনুষ্ঠানে রামদেবের এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

রবিবার ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রামদেব। সেখানে ধর্মের নামে মানুষকে ভয় দেখানো এবং ধর্মীয় উন্মাদনা তৈরির প্রবণতা নিয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, দেবদেবী থেকে শুরু করে ভূতপ্রেতের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন কিছু ধর্মীয় প্রচারক। ধর্মের প্রচারের নামে এ ধরনের আচরণকে ভণ্ডামি বলেও কটাক্ষ করেন যোগগুরু।

রামদেবের কথায়, সনাতন ধর্ম প্রচারের নামে দেবদেবী কিংবা ভূতপ্রেতের প্রসঙ্গ তুলে মানুষের মধ্যে আতঙ্ক বা উত্তেজনা ছড়ানো উচিত নয়। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। তাঁর বক্তব্য, ধর্মীয় প্রচারের সঙ্গে রাজনৈতিক ভণ্ডামিকে মিশিয়ে ফেলা অনুচিত।

আরও পড়ুন:  শরৎ এল রে: ছত্তীশগড়ে স্টেশনারি দিয়ে দুর্গাপুজোর মণ্ডপ, বিসর্জনের পর শিশুদের বিলি করা হবে খাতা-কলম

এর পরেই বেদ-উপনিষদ এবং সংবিধান সম্পর্কে না জেনেই হিন্দু ধর্ম রক্ষার কথা বলা ব্যক্তিদের নিশানা করেন রামদেব। তাঁর দাবি, কিছু মানুষ বেদ-উপনিষদ পড়েননি, এমনকি সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই। অথচ তাঁরাই হিন্দু ধর্মকে বাঁচানোর দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এই প্রসঙ্গেই রামদেবের কটাক্ষ, আগে নিজেদের সামলানো উচিত, তার পরে ধর্ম রক্ষার কথা বলা যাবে।

‘আগে তো নিজেকে বাঁচাও। তার পরে হিন্দু ধর্মকে বাঁচাবে’, মন্তব্য করেন তিনি। এর পরেই বলেন, ‘আরে পাখণ্ডী, হিন্দু ধর্মকে তুমি কী বাঁচাবে?’ যদিও বক্তব্যে একবারও ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর নাম উচ্চারণ করেননি রামদেব। তবে সাম্প্রতিক আমিষ বিতর্কের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্যকে বাগেশ্বর বাবার উদ্দেশেই পাল্টা আক্রমণ বলে মনে করা হচ্ছে।

সনাতন ধর্মের প্রতিনিধিত্ব নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন যোগগুরু। তাঁর মতে, কোনও কথক, ধর্মীয় প্রচারক কিংবা বিশেষ ব্যক্তি সনাতন ধর্মের একমাত্র প্রতিনিধি হতে পারেন না। সনাতন ধর্মের দায়িত্ব কোনও নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়নি। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ—সব সময়েই সনাতন ধর্মের অস্তিত্ব থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  অবসরের পর আর একসঙ্গে তুলতে হবে না PF-এর টাকা! মাসে মাসে মিলবে জমানো অর্থ, বড় সিদ্ধান্ত EPFO-র

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ব্যক্তির চরিত্রের উপরেও গুরুত্ব দিয়েছেন রামদেব। তাঁর বক্তব্য, মূর্তির উপাসনার চেয়ে চরিত্রের উপাসনা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ, ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানুষের আচরণ, নৈতিকতা এবং জীবনযাপনের মধ্যেও ধর্মের প্রতিফলন থাকা প্রয়োজন।

উল্লেখ্য, বাংলার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোর সময়ে আমিষ খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেছিলেন, পুজোর সময়ে যাঁরা আমিষ খান, তাঁরা ‘পাখণ্ডী’। তাঁর এই মন্তব্যের পরেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে নিজের বক্তব্যের সুর কিছুটা নরম করলেও ক্ষমা চাননি তিনি।

এর আগেও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বাগেশ্বর বাবা। মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে ‘তোমাদের কৃষ্ণ বাঁকা, আমাদের রাম সোজা’ বলে মন্তব্য করেছিলেন তিনি। সেই বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এ বার আমিষ বিতর্কের আবহে রামদেবের পাল্টা কটাক্ষে দুই ধর্মীয় ব্যক্তিত্বকে ঘিরে আলোচনা নতুন মাত্রা পেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover







-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment