প্রয়াত হলেন ময়দানের বর্ষীয়ান ক্রিকেট প্রশাসক রঞ্জিত রায়। প্রায় ছ’দশক ধরে বাংলার ক্রিকেটের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন তিনি। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বাংলার জুনিয়র ক্রিকেটের দায়িত্ব সামলানোর পাশাপাশি একের পর এক প্রতিভাবান ক্রিকেটারকে তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
যশোবন্ত বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
ক্রিকেটার চেনার ক্ষেত্রে রঞ্জিতবাবুর ‘জহুরির চোখ’-এর কথা ময়দানে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিবশঙ্কর পাল, সুরাজ সিন্ধু জয়সোয়াল কিংবা করনলালের মতো প্রতিভাবান ক্রিকেটারদের নিজের ক্লাব পাইকপাড়া স্পোর্টিং ক্লাবে সুযোগ দিয়েছিলেন তিনি। তাঁদের বাংলার ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার পথেও রঞ্জিতবাবুর অবদান ছিল উল্লেখযোগ্য।
ময়দানের প্রতি তাঁর টান ছিল অমোঘ। প্রচণ্ড শীত হোক কিংবা ৪০ ডিগ্রি গরম—কোনও কিছুই তাঁকে মাঠে যাওয়া থেকে আটকাতে পারেনি। গত শীতে কলকাতার অন্যতম ঠান্ডা দিনে, সকাল সাড়ে ৮টা নাগাদ কুয়াশায় ঢাকা ময়দানে ৮৪ বছর বয়সেও মাঠে হাজির ছিলেন তিনি। আবার তীব্র গরমেও মাথায় ভেজা রুমাল জড়িয়ে খেলা দেখেছেন।
করোনার সময়েও ক্রিকেটের কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। বয়স ও অসুস্থতা বাড়লেও গত বছর আইপিএলের সময় সিএবিতে আসতেন নিয়মিত। শারীরিক ও আর্থিক দুর্বলতার মধ্যেও ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসায় ভাটা পড়েনি।
রঞ্জিত রায়ের প্রয়াণে ময়দান হারাল এক প্রকৃত ক্রিকেটপ্রেমী প্রশাসককে। শেষ হল বাংলার ক্রিকেটের এক দীর্ঘ অধ্যায়। যাঁর কাছে ক্রিকেট ছিল শুধু খেলা নয়, জীবনেরই অংশ।

Leave a Comment