শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জটিলতা, ভারতের ‘পুনর্বিচার’-এর শর্ত সরাসরি খারিজ করল ঢাকা

By Suman Debnath

November 15, 2026 9:20 PM

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জটিলতা, ভারতের ‘পুনর্বিচার’-এর শর্ত সরাসরি খারিজ করল ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের দেওয়া পরামর্শ সরাসরি প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ বাংলাদেশে নেই। যে দেশে নিজেরাই পুনর্বিচারের বিধান বাতিল করেছে, সেই দেশ কীভাবে বাংলাদেশকে একই পরামর্শ দেয়, তা বোধগম্য নয়।

রোববার (১৫ নভেম্বর) বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে একবার বিচার সম্পন্ন হওয়ার পর আবারও সেই অপরাধের বিচার করার কোনো আইনগত সুযোগ নেই। এ ধরনের বিচারকে পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে।

তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থায় পুনর্বিচারের বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানেও এখন এ ধরনের কোনো বিধান কার্যকর নেই। নিজেদের দেশে যে চর্চার সুযোগ নেই, অন্য একটি দেশকে সেই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়ার যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন:  সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমিনুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ না থাকলেও বিদ্যমান আইনে আপিলের ব্যবস্থা রয়েছে। ফলে পুনর্বিচার ও আপিল দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আইনের নির্ধারিত প্রক্রিয়ায় আপিল করার সুযোগ রয়েছে, কিন্তু নতুন করে একই অপরাধের বিচার করার কোনো বিধান নেই।

শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ায় ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে ভারত সরকার শুরু থেকেই অবগত ছিল। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তাঁকে কেন বিচার মোকাবিলার জন্য বাংলাদেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়নি? একইভাবে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার বিষয়েও তাঁকে কেন উদ্যোগ নিতে বলা হয়নি?

তিনি বলেন, বিচার চলাকালে কিংবা আপিলের জন্য নির্ধারিত সময়ে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ নির্ধারিত সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ না থাকায় এ ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন:  গণভোটের ব্যাখ্যা বিভ্রান্তিকর: তথ্যমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর ব্যক্তিগতভাবে কাউকে আপিলের সুযোগ দিতে পারেন না। এটি সম্পূর্ণভাবে আইনের বিষয়। আইনে যে সুযোগ রাখা হয়েছে, সেটি অনুসরণ করেই আপিল করতে হবে।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। পরবর্তী সময়ে ২০১০ সালে ওই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এসব আইন ও বিধিমালার অধীনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বর্তমান সরকার আপিলসংক্রান্ত বিদ্যমান বিধান পরিবর্তন করেনি। প্রচলিত আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর থাকবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটর—কেউই নিজেদের এখতিয়ারে নতুন করে আপিলের সুযোগ তৈরি করতে পারেন না।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment