,

বিজেপি সরকার বৃহৎ পুঁজিপতিদের স্বার্থরক্ষায় ব্যস্ত, দেশজুড়ে আন্দোলনের ডাক মানিক সরকারের

By Suman Debnath

November 15, 2026 8:43 AM

বিজেপি সরকার বৃহৎ পুঁজিপতিদের স্বার্থরক্ষায় ব্যস্ত, দেশজুড়ে আন্দোলনের ডাক মানিক সরকারের

আগরতলা: শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, জনজাতি, তফশিলি সম্প্রদায়, ছাত্র-যুব, শিক্ষক, কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করে বিজেপি সরকার বৃহৎ পুঁজিপতিদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে দেশজুড়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার।

আজ ওরিয়েন্ট চৌমুহনী প্রাঙ্গণে সিআইটিইউর রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন মানিক সরকার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ভোটার তালিকা সংশোধনের নামে বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালানোর সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বিহার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার বিরুদ্ধে অসম, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হয়েছে। এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলেও দাবি করেন তিনি। সংশোধনের নামে প্রায় ১৩ কোটি ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগও তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  খোয়াইয়ে দশরথ দেব মেমোরিয়াল কলেজের নবীনবরণে আত্মনির্ভর ভারতের ডাক!

নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের পরিবর্তন এবং কমিশনের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রভাব বৃদ্ধি পাওয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।

মানিক সরকার বলেন, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষার জন্য শুধু দাবি জানালেই হবে না, সংগঠিত আন্দোলনের মধ্য দিয়েই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাঁর অভিযোগ, বর্তমান শাসনব্যবস্থায় শ্রমিক-কৃষক ও সাধারণ মানুষের স্বার্থের তুলনায় বৃহৎ পুঁজিপতি এবং জমির মালিকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়গত বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষকে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে সামিল করতে হবে। সমাজের এখনও একটি বড় অংশের মানুষ আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারেননি। তাঁদেরও আন্দোলনের ধারায় নিয়ে আসতে হবে।

আরও পড়ুন:  দেড় কোটি টাকার নিষিদ্ধ নেশা সামগ্রী আগুনে ধ্বংস করল পুলিশ!

এদিনের সমাবেশ থেকে মানিক সরকার শুধু ত্রিপুরায় নয়, গোটা দেশে আন্দোলনকে নতুন মাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণের আহ্বান জানান। তাঁর বক্তব্য, ত্রিপুরার আন্দোলন দেশের অন্যান্য প্রান্তের সংগ্রামকে উৎসাহিত করবে, একইভাবে দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনও ত্রিপুরার সংগ্রামকে শক্তিশালী করবে।

দেশজুড়ে গণতান্ত্রিক ও শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ত্রিপুরাকে দুঃশাসনের হাত থেকে মুক্ত করার ডাক দিয়েই সমাবেশে বক্তব্য শেষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment