,

আমির সৌকিনকে দিল্লি থেকে ত্রিপুরায় আনা হল, আদালতে পেশ করবে ত্রিপুরা পুলিশ!

By Suman Debnath

November 10, 2026 8:17 PM

আমির সৌকিনকে দিল্লি থেকে ত্রিপুরায় আনা হল, আদালতে পেশ করবে ত্রিপুরা পুলিশ!

আগরতলা, ১০ নভেম্বর: বিতর্কিত প্র্যাঙ্ক ভিডিওতে জনজাতি যুবককে অপমান ও হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটর আমির সৌকিনকে দিল্লি থেকে ত্রিপুরায় নিয়ে এল রাজ্য পুলিশ। মঙ্গলবার সকালের বিমানে অভিযুক্তকে ত্রিপুরায় আনা হয়। এরপর তাঁকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ।

ঘটনার সূত্রপাত একটি প্র্যাঙ্ক ভিডিওকে কেন্দ্র করে। অভিযোগ, আমির সৌকিন তাঁর ভিডিওতে ত্রিপুরার আনন্দবাজার এলাকার বাসিন্দা লেসেনজিত রিয়াং নামে এক যুবককে ‘চাইনিজ, চিনি চিনি’ বলে ব্যঙ্গ করেন। শুধু তাই নয়, ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গি ও শারীরিক স্পর্শের মাধ্যমে ওই যুবককে হেনস্তা করার অভিযোগও ওঠে। পরবর্তী সময়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন:  শনিবার বিকেল প্রায় চারটা নাগাদ কোয়াইফাং নবরাম পাড়া এলাকায় একটি যাত্রীবাহী টমটম রাস্তায় পড়ে থাকা বালির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর আহত হন*।

ঘটনার প্রতিবাদে সরব হন রাজ্যের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। অভিযুক্তের বিরুদ্ধে দিল্লি ও ত্রিপুরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ১৯৬, ৩৫২ এবং ৩৫৩-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। এরপর গত ২২ অক্টোবর দিল্লির সদর বাজার এলাকা থেকে দিল্লি পুলিশ ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় আমির সৌকিনকে।

সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মঙ্গলবার তাঁকে ত্রিপুরায় ফিরিয়ে আনা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, আগেই বলা হয়েছিল অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরকে ত্রিপুরায় নিয়ে আসা হবে। আদালতের নির্দিষ্ট বিধিনিষেধ ও আইনি প্রক্রিয়া মেনেই পুলিশ তাঁকে রাজ্যে ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন:  বিকশিত ভারত গঠনে অঙ্গনওয়াড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ: কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

অন্যদিকে, এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ত্রিপুরা এবং ত্রিপুরার যুবকদের নিয়ে যারা হাসি-ঠাট্টা কিংবা কুরুচিকর মন্তব্য করার চেষ্টা করবে, তাদের সহজে ছেড়ে দেওয়া হবে না। অভিযুক্তের গ্রেপ্তারের ঘটনা গোটা দেশের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে আমির সৌকিনকে ত্রিপুরায় ফিরিয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। এখন আদালতের পরবর্তী নির্দেশ এবং পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সকলেই।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment