আলোর উৎসব দীপাবলির আনন্দ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে ভাগ করে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার বিশিষ্ট নেত্রী প্রতিমা ভৌমিক। দেশরক্ষার কাজে নিয়োজিত জওয়ানদের পরিবারের থেকে দূরে থাকার কষ্ট কিছুটা লাঘব করতে প্রতি বছর তাঁদের সঙ্গে রাখিবন্ধন ও দীপাবলি উদ্যাপনে সামিল হন বলে জানান তিনি।
দীপাবলি উপলক্ষে সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) জওয়ানদের শুভেচ্ছা জানিয়ে প্রতিমা ভৌমিক বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে বহু জওয়ানকে পরিবার-পরিজন ছেড়ে দীর্ঘদিন সীমান্তে দায়িত্ব পালন করতে হয়। উৎসবের দিনগুলিতে যাতে তাঁদের বাড়ি থেকে দূরে থাকার অভাব অনুভব করতে না হয়, সেই উদ্দেশ্যেই প্রতি বছর তাঁদের সঙ্গে সময় কাটাতে আসেন তিনি।
সীমান্তে কর্তব্যরত বিএসএফের সমস্ত জওয়ান ও আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, দেশবাসীর সুরক্ষায় যাঁরা নিরন্তর কাজ করে চলেছেন, ঈশ্বর তাঁদের আরও শক্তি দিন। ভারতমাতার নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এক ‘দিব্য ভারত, ভব্য ভারত’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এবারের দীপাবলির বিশেষ তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমা ভৌমিক। তাঁর কথায়, ১৪ বছরের বনবাস শেষে ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই দীপাবলি উৎসবের প্রচলন। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার পর এই উৎসবের আনন্দ ও তাৎপর্য আরও বেড়েছে। ছোট দীপাবলিতে অযোধ্যার দীপোৎসবে বিশ্বরেকর্ড গড়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষে মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। একই সঙ্গে দেশের সার্বিক উন্নতি, অগ্রগতি ও শান্তি বজায় রাখার জন্য প্রার্থনা জানান তিনি।
Leave a Comment