উদয়পুর: ধর্মীয় ঐতিহ্য, ভক্তি ও সম্প্রীতির আবহে উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে শুরু হলো তিন দিনব্যাপী দীপাবলি উৎসব ও মেলা ২০২৬। রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাতাবাড়ি মন্দির চত্বরে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী কল্যাণ সাগরে আয়োজিত কল্যাণ আরতিতে অংশগ্রহণ করেন। পরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন তিনি। এ সময় রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনায় দেবী ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আবাহনই দীপাবলি উৎসবের মূল তাৎপর্য। এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক চিন্তাভাবনার বার্তা বহন করে। মাতাবাড়ির দীপাবলি উৎসব সেই বার্তাকেই বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিচ্ছে।
রাজ্যে ধর্মীয় পর্যটনের প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় ঐতিহাসিক মাতাবাড়ি মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যায়ন করা হয়েছে। এর ফলে মন্দিরের আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই এখানে পুণ্যার্থী ও পর্যটকদের সমাগম বাড়ছে। রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠায় দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু মানুষ এই তীর্থক্ষেত্রে আসছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার রাজ্যের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে উদ্যোগী। রাজ্যের উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়নও অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুখ্যমন্ত্রীর কথায়, “রাজ্য শ্রেষ্ঠ হলেই ভারত শ্রেষ্ঠ হবে।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, মাতাবাড়ির দীপাবলি উৎসব জাতি-জনজাতি নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। এই উৎসব রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, মাতাবাড়ির দীপাবলি উৎসব কোনও একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্ম, বর্ণ ও জাতির বিভেদ ভুলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসবে শামিল হন। প্রকৃত অর্থেই এটি সর্বস্তরের মানুষের মিলনমেলা। রাজ্যের ঐক্য ও সম্প্রীতির ক্ষেত্রে এই উৎসব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস। এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের। তিনি উপস্থিত অতিথি, পুণ্যার্থী ও দর্শনার্থীদের স্বাগত জানান। ধন্যবাদসূচক বক্তব্যে মাতাবাড়ি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায় উৎসবে আগত সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মেলা প্রাঙ্গণে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎসব উপভোগ করার আবেদন জানান।
বিধায়ক অভিষেক দেবরায় জানান, উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ফলে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে না পারলেও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ দেবী মায়ের পূজার্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের মাতাবাড়ির দীপাবলি উৎসব ও মেলা। এই উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। ধর্মীয় আচার, ঐতিহ্যবাহী উৎসব এবং নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মাতাবাড়ির দীপাবলি এবারও ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Leave a Comment