আগরতলা, ৬ নভেম্বর: আসন্ন পুর ও নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে বড়সড় নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট। বামফ্রন্টের প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিতে পারেন, তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি)-কে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
মোহনপুর-সহ রাজ্যের আরও চারটি মহকুমায় বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিআই(এম)। দলটির দাবি, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাবে প্রার্থীরা মনোনয়ন কেন্দ্রে পৌঁছাতে এবং মনোনয়নপত্র জমা দিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে দায়ের করা রিট পিটিশন নম্বর ৮১২/২০২৪-এর শুনানিতে বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ রাজ্য পুলিশের ডিজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। শুক্রবারের মধ্যেই সংশ্লিষ্ট বামফ্রন্ট প্রার্থীরা যাতে পুলিশি নিরাপত্তার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা প্রার্থীদের অধিকার। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাঁদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। মামলায় সিপিআই(এম)-এর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী তাপস দত্ত মজুমদার।
উল্লেখ্য, আসন্ন পুর ও নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের এই নির্দেশ নির্বাচনী প্রক্রিয়ায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Leave a Comment