ডিসেম্বরের মধ্যেই আড়াই লক্ষ মতুয়াকে নাগরিকত্ব, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সিএএ-র কাজে ১২ জন আইএএস অফিসারকে দায়িত্ব নবান্নের

By Suman Debnath

November 2, 2026 9:00 PM

ডিসেম্বরের মধ্যেই আড়াই লক্ষ মতুয়াকে নাগরিকত্ব, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সিএএ-র কাজে ১২ জন আইএএস অফিসারকে দায়িত্ব নবান্নের


নাগরিকত্ব প্রদান প্রক্রিয়ায় গতি আনতে বড় পদক্ষেপ করল নবান্ন। ঠাকুরনগরে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ আবেদনকারীকে সিএএ এর আওতায় নাগরিকত্ব দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এবার উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার মতো মতুয়া অধ্যুষিত জেলাগুলিতে প্রশাসনিক তৎপরতা চরমে উঠল।

রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস সেলের তরফে ২ নভেম্বর একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে জনস্বার্থে ২০২৫ ব্যাচের মোট ১২ জন শিক্ষানবিশ আইএএস অফিসারকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী দুই মাসের জন্য এই আমলারা নির্দিষ্ট দু’টি জেলায় নিজেদের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:  ‘গেরুয়ার অপমান সহ্য করব না’, যাদবপুরের মিছিলে থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নির্দেশিকা অনুযায়ী ১২ জন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট এবং অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের মধ্যে ৬ জনকে উত্তর ২৪ পরগনায় এবং ৬ জনকে নদীয়া জেলায় সিএএ সংক্রান্ত কাজের জন্য নিযুক্ত করা হয়েছে। উত্তর ২৪ পরগনার দায়িত্ব পেয়েছেন রোমিল দ্বিবেদী, মুদিতা বনসল, রাভুলা জয়সীমা রেড্ডি, তেজস্ব, স্বামী সুনীল রামলিং, রজত যাদব। অন্যদিকে নদীয়া জেলায় এই বিশেষ দায়িত্ব সামলাবেন অভিষেক চৌধুরী, মেঘনা চক্রবর্তী, সক্ষম ভাটিয়া এবং হিমাংশু ভাস্কর, রিতিকা রথ এবং চৌগুলে অদিতি সঞ্জয়। এই ১২ জন আইএএস অফিসার রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন এবং এবার তাঁদের দুই মাসের জন্য নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠাকুরনগরে দাঁড়িয়েই স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে এখনও পর্যন্ত মাত্র ২৫ হাজার মানুষ সিএএ-র আওতায় নাগরিকত্ব পেয়েছেন। সেই সংখ্যাটা একধাক্কায় আড়াই লক্ষে নিয়ে যেতেই রাজ্য সরকার শুনানির প্রক্রিয়া দ্রুততর করতে চাইছে। মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি প্রকৃত তফসিলি জাতিভুক্ত ব্যক্তিদের সরকারিভাবে এসসি শংসাপত্র দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। ডিসেম্বরের ডেডলাইন মাথায় রেখেই প্রশাসনিক স্তরে এই রদবদল ঘটাল নবান্ন। এর ফলে আবেদনকারীদের নথিপত্র যাচাই এবং শুনানির কাজ আরও দ্রুত সম্পন্ন হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন:  তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment