আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে সোমনাথ দে-কে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

By Suman Debnath

October 29, 2026 9:55 AM

আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে সোমনাথ দে-কে সিবিআই হেফাজতে পাঠাল আদালত


আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সোমনাথ দে-কে দু’দিনের সিবিআই হেফাজতে পাঠাল শিয়ালদহ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেছেন, কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন বিচারাধীন থাকার বিষয়টি গোপন রেখে নিম্ন আদালতে জামিন পাওয়ার চেষ্টা করছেন পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ।

তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এই মামলায় আগে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। তদন্তের অগ্রগতির সঙ্গে তথ্যপ্রমাণে হেরফের এবং তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগে সোমনাথের নামও উঠে আসে।

আরও পড়ুন:  মুখ্যসচিবকে ‘ভোট চোর’ বলা যাবে না, মুছতে হবে সমাজমাধ্যমের পোস্ট, মহুয়াকে নির্দেশ আদালতের

শুনানি চলাকালীন শিয়ালদহ আদালতে সোমনাথের জামিনের আবেদনের বিরোধিতা করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে। বিচারকের সামনে তিনি দাবি করেন, সোমনাথ ইতিমধ্যেই জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই আবেদন বিচারাধীন থাকার বিষয়টি শিয়ালদহ আদালতের কাছে গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উচ্চ আদালতে জামিনের আবেদন বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন রেখে কীভাবে নিম্ন আদালতে ফের জামিনের আবেদন জানানো হল, তা নিয়েও প্রশ্ন তোলেন অমর্ত্য। তাঁর অভিযোগ, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে জামিন পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আদালতের নতুন নির্দেশের পর সোমনাথকে নিজেদের হেফাজতে নিয়ে পুনরায় জেরা করবেন সিবিআই আধিকারিকেরা। তথ্যপ্রমাণে হেরফের এবং দেহ সৎকার সংক্রান্ত অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের পরবর্তী পদক্ষেপ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

আরও পড়ুন:  পুজোর সময়ে অরেঞ্জ লাইনে কমছে মেট্রো চলাচলের সময়, মঙ্গলবার থেকে নতুন সূচি

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment