আগরতলা, ২৮ অক্টোবর: ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন সমবায় ও অন্যান্য চা বাগানের প্রায় ১২০০ একর জমি বেসরকারি ও অন্যান্য শিল্পে হস্তান্তরের প্রস্তাবের বিরোধিতা করে শ্রমভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং সিআইটিইউ। বুধবার আয়োজিত এই কর্মসূচি থেকে চা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং চা বাগানগুলির বেসরকারিকরণ বন্ধ করার দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সম্পাদক বলেন, সমবায় এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীন বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বর্তমানে চরম দুঃখ-দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে চা বাগানের জমি বেসরকারি মালিকানা বা অন্যান্য শিল্পের হাতে তুলে দেওয়ার উদ্যোগ শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোনওভাবেই বাগানগুলির বেসরকারিকরণ করা উচিত নয়। দুর্গাবাড়ি চা বাগানের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, আগে দুর্গাপূজার সময় শ্রমিকরা নিয়মিত বোনাস ও রেশন সামগ্রী পেতেন। কিন্তু বর্তমানে সেই সুবিধাগুলি সময়মতো পাওয়া যাচ্ছে না বলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, চা বাগানগুলিকে বেসরকারি মালিকানায় হস্তান্তর না করে সরকার অধিগ্রহণের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালনা করুক। পাশাপাশি শ্রমিকদের বকেয়া সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাঁদের কর্মসংস্থান ও জীবিকার নিরাপত্তা বজায় রাখার জন্যও সরকারের কাছে দাবি জানানো হয়।
চা শ্রমিকদের স্বার্থে জমি হস্তান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং বাগানগুলির ভবিষ্যৎ সম্পর্কে সরকারের স্পষ্ট অবস্থান ঘোষণার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
Leave a Comment