জাফর পানাহির বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ, পাঁচ বছরের বেশি কারাদণ্ডের নির্দেশ

By Suman Debnath

October 28, 2026 4:05 PM

জাফর পানাহির বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ, পাঁচ বছরের বেশি কারাদণ্ডের নির্দেশ


ইরানের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহির বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ। তেহরানের একটি বিশেষ আদালত তাঁকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এর আগে অন্য একটি মামলায় তাঁর এক বছরের কারাদণ্ড হয়েছিল। সেই সাজাও বহাল রয়েছে। ফলে সব মিলিয়ে পরিচালকের বিরুদ্ধে শাস্তির বোঝা আরও বাড়ল।

তবে নতুন মামলায় ঠিক কী অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, পরিচালকের অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেছে। শুনানির আগে তাঁকে কোনও বিজ্ঞপ্তিও পাঠানো হয়নি বলে দাবি আইনজীবীর।

গত সপ্তাহে পানাহির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়েই নতুন রায়ের বিষয়টি জানতে পারেন পরিচালক ও তাঁর আইনজীবী।

কারাদণ্ডের পাশাপাশি পানাহির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী দু’বছর সমাজমাধ্যমে কোনও কার্যকলাপ চালাতে পারবেন না তিনি। একই সময়ের জন্য তাঁর বিদেশযাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন:  বিদায় নিয়ে আবেগঘন ডলি | Amar Bangla BANGLADESH

তবে নতুন রায়ের পরই তাঁকে সংশোধনাগারে যেতে হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আইনজীবী নিলির বক্তব্য, সাজা কার্যকর করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বর্তমানে পরিচালকের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে ইরান সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই মামলায় দু’বছরের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রেও তাঁর উপর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে নতুন মামলার রায়টি আগের মামলা থেকে সম্পূর্ণ আলাদা বলে জানা যাচ্ছে।

২০২৬ সালের ৩০ মার্চ ইরানে ফিরেছিলেন পানাহি। তার আগে তাঁর পরিচালিত ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর প্রচারে বিভিন্ন দেশে ঘুরছিলেন তিনি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্মানিত হয়। পরে অস্কারের মনোনয়নও পায় ছবিটি।

আরও পড়ুন:  ডিসেম্বরে বিয়ে মিমির? কালিম্পংয়ে বসছে রাজকীয় আসর, পাত্র নৌসেনা কর্মকর্তা!

আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে অত্যন্ত পরিচিত নাম জাফর পানাহি। তবে তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় জুড়েই রয়েছে আইনি বাধা ও সরকারি নিষেধাজ্ঞা। ২০১০ সালে তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ছবি তৈরি, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া এবং বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এত বাধার মধ্যেও ছবি তৈরি থামাননি পরিচালক।

২০২২ সালের জুলাই মাসে ফের গ্রেফতার করা হয় পানাহিকে। প্রায় সাত মাস বন্দি থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তাঁর পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিতেও বন্দিদশা, মানসিক ক্ষত এবং প্রতিশোধের মতো বিষয় উঠে এসেছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment