সাঁতরাগাছি থেকে জয়পুর সাপ্তাহিক ট্রেন পেল রাজ্য, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

By Suman Debnath

October 26, 2026 6:10 PM

সাঁতরাগাছি থেকে জয়পুর সাপ্তাহিক ট্রেন পেল রাজ্য, সূচনা করলেন মুখ্যমন্ত্রী


সাঁতরাগাছি থেকে খড়্গপুর, টাটানগর, রাঁচি হয়ে রাজস্থানের জয়পুরগামী যাত্রীদের জন্য সাপ্তাহিক ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল। এই ট্রেন সাঁতরাগাছি থেকে জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশন পর্যন্ত চলবে। সোমবার সাড়ে ৩টে নাগাদ সাঁতরাগাছি স্টেশন থেকে ওই ট্রেনের যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে ছেড়ে পরের দিন বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে পৌঁছবে।

এদিন ভার্চুয়ালি নয়া ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাঁতরাগাছি-খাতিপুরা ট্রেনের ফ্ল্যাগঅফ করে রেলমন্ত্রী বলেন, ‘আগে জয়পুরের ট্রেন ধরতে খড়গপুর যেতে হতো কলকাতার মানুষজনকে। এখন সাঁতরাগাছি-টাটানগর থেকেও সরাসরি রাজস্থান পর্যন্ত ট্রেন চালু হল।’ খাতিপুরা স্টেশন থেকে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। আপাতত ১৬টি কামরার এলএইচবি কোচ ব্যবহার করে ওই ট্রেন চালানো হবে। সংরক্ষিত শ্রেণিতে ৮টি স্লিপার কামরা, ১টি থ্রি-এসি এবং ৩টি থ্রি-এসি ইকনমি কামরা থাকছে।

আরও পড়ুন:  বাণিজ্যে গতি আনতে ভারত-বাংলাদেশ যৌথ টাস্ক ফোর্স

এদিকে ওই অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, হাওড়া থেকে জামশেদপুর পর্যন্ত চারটি লাইন চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে চলতি বছরের মধ্যে মেট্রো রেলের নিউ গড়িয়া, বিমানবন্দর, সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত সম্প্রসারিত পথের উদ্বোধনের আর্জি জানান। তিনি গঙ্গাসাগরে ২০২৯ সালে সেতু নির্মাণের পরে গঙ্গাসাগরকে সারা দেশের সঙ্গে রেলপথে যুক্ত করার আর্জিও জানান। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ৫০০টি রেল ওভারব্রিজ তৈরির ক্ষেত্রে আগের সরকার অনুমতি না দিয়ে কাজ আটকে রেখেছিল। তাঁর সরকার অনুমতি দেওয়ায় ওই কাজ শুরু হয়েছে। রাজ্যে রেলের ওয়ার্কশপগুলিতে রেলমন্ত্রীর কাছে বিনিয়োগের আর্জি জানান তিনি। এই ট্রেনটি খড়গপুর, টাটানগর, চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা স্টেশনে ট্রেন থামবে।

আরও পড়ুন:  যানজটের আশঙ্কায় বাতিল দুই রাজধানী, দিল্লিতে ট্রেন চলাচলে রাশ

অন্যদিকে এদিন ট্রেনের সূচনা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার যে মেট্রো রেকের কাজ সম্পন্ন হয়েছে সেগুলি দ্রুত উদ্বোধনের আবেদন জানান তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, ‘১৭-২৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, তারপর প্রবাসী ভারতীয়দের সম্মেলন, ওয়ার্ল্ড এনার্জি সপ্তাহের আগে মেট্রোর উদঘাটনের অনুরোধ জানাচ্ছি।’

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment