শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে ছবি, পরিচালনায় মধুর ভান্ডারকর

By Suman Debnath

October 23, 2026 3:05 PM

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে ছবি, পরিচালনায় মধুর ভান্ডারকর


বলিউডের চাকচিক্য ছেড়ে এবার ইতিহাসের অলিগলিতে পরিচালক মধুর ভান্ডারকর। সদ্য ‘দ্য ওয়াইভস অফ বলিউড’ ছবির কাজ শেষ করেছেন জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত এই পরিচালক। এবার তাঁর নতুন ছবির বিষয় স্বাধীন ভারতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন, আদর্শগত লড়াই এবং তাঁর মৃত্যুকে ঘিরে থাকা রহস্য নিয়ে ছবি তৈরি করতে চলেছেন তিনি। ছবির সম্ভাব্য নাম ‘শ্যামা—দ্য মিসিং চ্যাপ্টার’।

আদিত্য কুমার হালওয়াসিয়া, ভান্ডারকর এন্টারটেনমেন্ট এবং এ কে এইচ ভেঞ্চারসের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ছবিটি। নির্মাতাদের লক্ষ্য, ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান, তৎকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর মতপার্থক্য এবং নিজের আদর্শে অবিচল থাকার কাহিনিই ছবির মূল আকর্ষণ হতে চলেছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান—শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ছিল ঘটনাবহুল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারের সঙ্গে আদর্শগত বিরোধের জেরে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনাও করেছিলেন তিনি। এই ঘটনাগুলি ছবিতে বিশেষ গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন:  বৃষ্টিভেজা মিষ্টি সকালে ‘হ্যাটট্রিক’ আমিরের

তবে শুধু রাজনৈতিক উত্থান-পতনেই সীমাবদ্ধ থাকবে না ছবির কাহিনি। ১৯৫৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রবেশের জন্য চালু থাকা পারমিট ব্যবস্থার বিরোধিতা করে শ্যামাপ্রসাদের আন্দোলন এবং সেই সূত্রে তাঁর গ্রেফতারিও ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক ও প্রশ্নও উঠে আসতে পারে চিত্রনাট্যে। ফলে ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি ছবিতে রাজনৈতিক থ্রিলারের উপাদানও থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রযোজক আদিত্য কুমার হালওয়াসিয়ার বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন সাহস, দৃঢ়তা ও দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। তাঁর জীবনের নানা দিকের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই ছবির অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে, মধুর ভান্ডারকরের কাছে এই ছবি এক নতুন অভিজ্ঞতা। ঐতিহাসিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে কাজ করা পরিচালকের কাছে যেমন চ্যালেঞ্জের, তেমনই দায়িত্বেরও। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে সততা ও সংবেদনশীলতার সঙ্গে পর্দায় তুলে ধরতে চান তিনি।

আরও পড়ুন:  বক্স অফিসে একদিকে ‘মির্জাপুর’, অন্যদিকে ‘হনুমান অংশ’! তারকার ঝলকানিকে টেক্কা দিচ্ছে বিশ্বাসের ছবি

সূত্রের খবর, আগামী বছর ছবির শুটিং শুরু হতে পারে। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, ছবিতে আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে কিংবা কবে ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment