---Advertisement---

নয়ডার জেওয়ার বিমানবন্দরের নাম বদল! ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখার প্রস্তাব ঘিরে চর্চা

By Suman Debnath

October 9, 2026 5:19 PM

নয়ডার জেওয়ার বিমানবন্দরের নাম বদল! ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখার প্রস্তাব ঘিরে চর্চা

---Advertisement---

উত্তরপ্রদেশের নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে রাখা হবে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর’। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই নতুন নামকরণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, রাজ্যের মন্ত্রীপরিষদ ইতিমধ্যেই এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনন্য উপহারের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাজ্য সরকার।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নয়ডায় জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ উত্তরপ্রদেশের ক্যাবিনেট। এই প্রকল্পের নাম আনুষ্ঠানিকভাবে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’ করার প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাস হয়েছে। তাঁর মতে, আগামী দিনে এই বিমানবন্দরটি শুধু উত্তরপ্রদেশের বৃহত্তম বিমানবন্দরই নয়, বরং গোটা দেশের অন্যতম প্রধান বিমান পরিবহণ কেন্দ্র হিসেবে উঠে আসবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে এই বিমানবন্দরটির উদ্বোধন করেন। এরপর চলতি বছরের ১৫ জুন প্রথম বিমান আসে এখানে। লখনউ থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান এসে এই বিমানবন্দরে প্রথম বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়। সুইজারল্যান্ডের বিখ্যাত সংস্থা জুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এজেন্সির সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড এবং উত্তরপ্রদেশ সরকারের মনোনীত সংস্থা ‘নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এই বিমানবন্দরটির নির্মান হয়।

প্রায় ১১ হাজার ২৮২ কোটি টাকা খরচ করে এই বিমানবন্দরটির প্রথম দফার নির্মাণ কাজ শেষ করা হয়েছে। প্রথম পর্যায়ে বার্ষিক ১ কোটি ২০ লক্ষ যাত্রী পরিবহণের প্রাথমিক ক্ষমতা রয়েছে এই প্রকল্পের, যা আগামী কয়েক বছরের মধ্যে বাড়িয়ে প্রায় ৭ কোটি করা সম্ভব। এই বিমানবন্দরে ৩ হাজার ৯০০ মিটার দীর্ঘ একটি অত্যাধুনিক রানওয়ে রয়েছে, যা খুব সহজেই বড় আকারের ওয়াইড-বডি বিমানগুলি ওঠানামার জন্য উপযুক্ত। এছাড়া এখানে বসানো হয়েছে আধুনিক নেভিগেশন ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম।

বিমানবন্দরের পরিকাঠামো তৈরির সময় যোগাযোগ ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়। একে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব বা বহুমুখী পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে বিমান, সড়ক এবং অন্যান্য গণপরিবহণ সুন্দরভাবে মিশে রয়েছে। যাত্রীদের সর্বাধুনিক পরিষেবা দেওয়ার পাশাপাশি বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জেওয়ারের এই একমাত্র রানওয়ের দু’টি প্রান্তেই ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস ইনস্টল করা রয়েছে, যার ফলে বাতাসের গতিপ্রকৃতি ও দিক অনুযায়ী যেকোনও প্রান্ত থেকেই বিমান সুরক্ষিতভাবে রানওয়েতে নামতে পারবে। নাম বদলের এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই বিমানবন্দর নিয়ে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment