শুক্রবার প্রথম রাউন্ডের ভোটগণনার পর তামিলনাড়ুর (Tamilnadu Bypoll) ধরপুরম বিধানসভা কেন্দ্রে এডিএমকে ও শাসকদল টিভিকে প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র পাঁচ ভোটের। অন্যদিকে, মদুরন্তকম কেন্দ্রে এগিয়ে রয়েছে টিভিকে। দুই কেন্দ্রের উপনির্বাচনের ফলের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
ধরপুরমে প্রথম রাউন্ডের গণনা শেষে এডিএমকে প্রার্থী কে বনুমতী পেয়েছে ২ হাজার ৬৩৯ ভোট। টিভিকে প্রার্থী পি সত্যভামারর ঝুলিতে এসেছে ২ হাজার ৬৩৪ ভোট। ২ হাজার ১৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ডিএমকে প্রার্থী এস সুগন্যা।
আরও পড়ুন: আসামের নওগাঁতে চলছে ভোটগণনা, দু’বছর আগে জেতা এই আসনে কংগ্রেস কত নম্বর থাকবে?
অন্যদিকে, মদুরন্তকমে প্রথম রাউন্ডের গণনার পর ৩ হাজার ৫৭১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন টিভিকে প্রার্থী কে মার্গাথম কুমারভেল। দ্বিতীয় স্থানে থাকা আই পরন্তমেন পেয়েছেন ২ হাজার ৬১১ ভোট। এডিএমকে প্রার্থী এস কানিথা সম্পথ পেয়েছেন ২ হাজার ০৭৮ ভোট।
দুই কেন্দ্রের উপনির্বাচন (Tamilnadu Bypoll) রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এডিএমকের টিকিটে জয়ী দুই বিধায়ক পদত্যাগ করে টিভিকেতে যোগ দেওয়ায় এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
ধরপুরমে এডিএমকের বিধায়ক হিসেবে জয়ী হয়েছিলেন পি সত্যভামা। দলবদলের পর এ বার সেই কেন্দ্রেই টিভিকের প্রার্থী হয়েছেন তিনি। একইভাবে, মদুরন্তকমে এডিএমকের টিকিটে জয়ী কে মার্গাথম কুমারভেলও দল ছেড়ে টিভিকেতে যোগ দিয়ে ফের নির্বাচনে লড়ছেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা
দলবদলের পর দুই নেত্রী ভোটারদের সমর্থন ধরে রাখতে পারেন কি না, তা এই উপনির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে, কয়েক মাস আগে জেতা আসনগুলি ডিএমকে পুনরুদ্ধার করতে পারে কি না, সে দিকেও নজর রয়েছে।
ধরপুরমে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সত্যভামা, বনুমতী ও সুগন্যা ছাড়াও নাম তামিলার কাটচির এম কার্তিকা এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পি লক্ষ্মণন রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। গত ৬ অক্টোবর ধরপুরমে উপনির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৮০.৩০ শতাংশ। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল ৮৯.৯৬ শতাংশ।
অন্যদিকে, মদুরন্তকমে ভোট পড়েছে প্রায় ৮৬.২৬ শতাংশ। এই কেন্দ্রে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুই কেন্দ্র মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৪৯।তামিলনাড়ুতে টিভিকে সরকার গঠনের পর এই প্রথম বিধানসভা উপনির্বাচন। ফলে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং বিরোধী শিবিরের কাছে এই দুই কেন্দ্রের ফল বিশেষ তাৎপর্যপূর্ণ।
দেখুন:








Leave a Comment