---Advertisement---

পুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ, শিয়ালদহ ডিভিশনে চলবে ৫১টি স্পেশাল ট্রেন

By Suman Debnath

October 8, 2026 10:00 AM

পুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ, শিয়ালদহ ডিভিশনে চলবে ৫১টি স্পেশাল ট্রেন

---Advertisement---


পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে এ বার বাড়ছে বিশেষ ট্রেনের সংখ্যা। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি বিশেষ লোকাল চালানো হবে। এর মধ্যে ৩৮টি চলবে রাতে। সন্ধ্যার ব্যস্ত সময়ে উত্তর, মেন ও দক্ষিণ শাখায় চলবে আরও ১৩টি বিশেষ ট্রেন। গত বছর এই সময়ে ৩১টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল।

পুজোর আগেও বাড়তি ট্রেনের ব্যবস্থা থাকছে। ১০ থেকে ১৫ অক্টোবর শিয়ালদহ-রানাঘাট-লালগোলা শাখায় চারটি বিশেষ লোকাল চলবে। পুজোর আগে ওই পথে বাড়তি যাত্রী চাপ সামলাতেই এই ব্যবস্থা।

পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর ছাড়া গ্যালপিং লোকালগুলি সব পতাকা ও হল্ট স্টেশনে দাঁড়াবে। ফলে এত দিন যে স্টেশনগুলিতে গ্যালপিং ট্রেন দাঁড়াত না, ওই সময় সেখানকার যাত্রীরাও ট্রেনে ওঠানামার সুযোগ পাবেন।

দূরপাল্লার যাত্রীদের জন্যও বাড়তি ট্রেন থাকছে। ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে মোট ৮০টি বিশেষ দূরপাল্লার ট্রেনের যাত্রা নির্ধারিত হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫০টি। শিয়ালদহ স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে প্রবেশ ও বেরোনোর পথ আলাদা করে দেওয়া হবে। প্রফুল্ল দ্বার, উত্তর, মেন, সেন্ট্রাল এবং দক্ষিণ গেট দিয়ে যাত্রী চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

স্টেশনের পরিস্থিতির উপর নজর রাখতে ২৪ ঘণ্টা চালু থাকবে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। সিসিটিভির মাধ্যমে ভিড়ের গতিবিধিও নজরে রাখা হবে। প্রধান স্টেশনগুলিতে রাখা হবে অতিরিক্ত ট্রেনের রেক, চালক ও অন্যান্য কর্মী, চিকিৎসাকেন্দ্র, সাহায্যকেন্দ্র এবং দ্রুত মেরামতির দল। শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদম স্টেশনে অতিরিক্ত শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে। দমদম স্টেশনের চত্বর ও লেভেল ক্রসিং সংলগ্ন সড়ক ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: ‘প্রমাণ নেই’, কিন্তু ছেলেরা কোথায়? ১৫ বছর পর সিবিআই-এর হাতে তদন্ত, আশায় দুই পরিবার

লালগোলা শাখায় যাত্রীদের সুবিধার জন্য রানাঘাটে অস্থায়ী টিকিট ও বেরোনোর কাউন্টার এবং ব্যারাকপুরে রানাঘাট প্রান্তের ফুটব্রিজের কাছে নতুন টিকিট কাউন্টার চালু হয়েছে। শিয়ালদহ ডিভিশনের কর্তারা জানিয়েছেন, পুজোর সময়ে যাত্রী চাপের কথা মাথায় রেখেই অতিরিক্ত ট্রেন, নিরাপত্তা এবং স্টেশন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে রেলের কর্মী ও আধিকারিকদের দল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment