আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম। গণনাকেন্দ্রে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, নিরবচ্ছিন্ন ওয়েবকাস্টিং এবং বিরোধী দলের গণনা এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
চিঠিতে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে ভোটগ্রহণের দিন পর্যন্ত বিরোধী দলগুলিকে শাসকদলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতীর অগণতান্ত্রিক ও হিংসাত্মক আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাঁর দাবি, এর ফলে মোট আসনের প্রায় অর্ধেক আসনে বিরোধী দলগুলি মনোনয়ন জমা দিতে পারেনি।
সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের বিভিন্ন পর্যায়ে বিরোধীদের বাধার সম্মুখীন হতে হয়েছে। এই পরিস্থিতিতে ভোট গণনার চূড়ান্ত পর্যায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সিপিএমের সাত দফা দাবির মধ্যে রয়েছে—সমস্ত গণনাকেন্দ্রে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, টিটিএএডিসি সাধারণ নির্বাচনের নিয়ম অনুযায়ী গণনা এজেন্টদের সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়া, সমস্ত গণনাকক্ষে নিরবচ্ছিন্ন ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি এবং কোনও দলের অননুমোদিত ব্যক্তিকে গণনাকক্ষে প্রবেশ করতে না দেওয়া।
এছাড়াও, ভোট গণনা শুরু হওয়ার পর তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিরতি ছাড়াই চালিয়ে যাওয়া এবং বিরোধী দলের গণনা এজেন্টদের প্রয়োজন অনুযায়ী গণনাকেন্দ্রে যাতায়াত ও গণনা শেষে বাড়ি ফেরার পথে পুলিশি নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমর্থকদের জমায়েতের জন্য পৃথক নির্দিষ্ট স্থান বরাদ্দ এবং সেখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থার দাবিও জানিয়েছে সিপিএম।
চিঠিতে জিতেন্দ্র চৌধুরী আশা প্রকাশ করেছেন, ভোট গণনার সময় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। গণনাকেন্দ্র এবং সংশ্লিষ্ট ব্লক এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য কমিশনকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সিপিএমের এই সাত দফা দাবি সামনে আসার পর এখন রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment