জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহের ব্যাবধানে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সময়ে কাঁচামরিচ ও টমেটোর দামও বেড়েছে। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দামে তেমন পরিবর্তন নেই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের দামে ওঠানামা চলছে উল্লেখ করে খুচরা ব্যবসায়ীরা জানান, কখনো কোনো পণ্যের দাম কমছে, আবার কিছুদিনের মধ্যেই তা বেড়ে যাচ্ছে। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। যার প্রভাবে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
তবে পরিবহনব্যয় যতটা বেড়েছে, খুচরা পর্যায়ে অনেক পণ্যের দাম তার চেয়ে বেশি হারে বাড়ানো হচ্ছে- এমন অভিযোগ ক্রেতাদের।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানির দামবৃদ্ধির কারণে পণ্য পরিবহনে খরচ বেড়েছে। ফলে পাইকারি বাজারে এর প্রভাব পড়ছে এবং সেই বাড়তি ব্যয় খুচরা বাজারেও যুক্ত হচ্ছে।
বাজারে দেখা গেছে, খুচরা বাজারে বেড়েছে বেগুনের দাম বেড়েছে। লম্বা বেগুনের দাম বাজারভেদে ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ ধরনের বেগুন ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
করলার দাম কিছুদিন আগে কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছিল। এখন মানভেদে তা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগেও এসব সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এছাড়া ঝিঙা, ধুন্দলসহ বিভিন্ন সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁচা পেপে আগের মতো ৩০ টাকা কেজি এবং কাঁচামরিচ আগের দামেই বিক্রি হচ্ছে।
মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের সবজি বিক্রেতা আরিফ হোসেন বলেন, পরিবহন খরচ বেড়েছে। আর তাই পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী বলেন, যশোর থেকে রাজধানীর কারওয়ান বাজারে বেগুন আসে। প্রায় ৭০-৮০ টাকা কেজি দরে পাইকাররা কিনে আনতেন। জ্বালানি তেলের দাম বাড়ার আগে মাঝারি আকারের একটি ট্রাকের ভাড়া ছিল ১৮ হাজার টাকা। তেলের দাম বাড়ায় ট্রাকভাড়া বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। এখন কারওয়ান বাজারেই ১০০ টাকায় ওপরে বেগুন বিক্রি হচ্ছে।
মিরপুর১ নম্বর কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকুরিজীবী মিজান বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, সেটার প্রভাব পণ্যের ১-২ টাকা বাড়তে পারে। একবারেই যে ১০-২০ টাকা পড়বে, এমনটা হওয়ার কথা নয়। একেবারেই নজরদারি নেই বাজারে। এই সুযোগে যে যার মতো দাম বাড়াচ্ছে।
তবে সব পণ্যের দাম বাড়েনি। ফার্মের মুরগির ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগিও বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামেও এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় কোনো প্রভাব দেখা যায়নি।
উল্লেখ, গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
Leave a Comment