---Advertisement---

একরাম হত্যার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে রোববার

By Suman Debnath

September 24, 2026 2:45 PM

একরাম হত্যার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে রোববার

---Advertisement---


দেশের সবচেয়ে বহুল আলোচিত একটি ছিল কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে কাউন্সিলর একরামুল হক হত্যার করা ঘটনা। তবে এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি পিছিয়ে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।


আজ বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। অন্য সদস্য হলেন- বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, সহিদুল ইসলাম সরদারসহ অন্যান্য প্রসিকিউটর।


জহিরুল আমিন জানান, এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ট্রাইব্যুনালের পূর্ণ বেঞ্চ না থাকায় তা পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়। ওই দিন এ নিয়ে শুনানি হবে।


এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে রয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র‍্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে) আনোয়ার লতিফ খান।


শেখ হাসিনাসহ পলাতক অন্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।


এ মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে আটক, অপহরণ, বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে গুলি করে হত্যা, অপরাধ সংঘটনে সংশ্লিষ্টতা, প্ররোচনা, সহায়তা ও হত্যার নির্দেশ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment