কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসও নিরাপত্তার দায়িত্বে থাকবে।
নির্বাচন-পূর্ব পরিস্থিতি, ভোটগ্রহণ এবং ভোট-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের পর্যালোচনা বৈঠকে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রচারের বিধিনিষেধ এবং সার্বিক নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে।
এরই অংশ হিসেবে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল শুরু হয়েছে। বিশেষ করে যাত্রাপুর থানার অন্তর্গত বিভিন্ন এডিসি ভিলেজ, জনবহুল বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর এই টহলের ফলে এলাকায় ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছাচ্ছে।
মঙ্গলবার যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলা হলে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নিয়মিত টহলদারি অব্যাহত রাখা হবে। বিশেষ করে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা বাহিনীর টহল চালানো হবে বলে জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের আগে, ভোটগ্রহণের দিন এবং ভোট-পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
Leave a Comment