জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছিল ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্ট। মঞ্চে তখন গান পরিবেশন করছিলেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী হাসান। হঠাৎ দর্শকসারির দিক থেকে ছোড়া একটি বোতল এসে সরাসরি আঘাত করে তার মাথায়। মুহূর্তেই বদলে যায় কনসার্টের পরিবেশ।
তবে মাথায় আঘাত পাওয়ার পরও থেমে যাননি হাসান। পরিস্থিতি সামলে আবারও গানের সুরে ফিরে যান তিনি। পুরো ঘটনাটি উপস্থিত দর্শকদের মোবাইল ক্যামেরায় ধারণ হয়ে যায়। পরে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।
ঘটনাটিকে দেশের সংগীতাঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন অনেকে। বিশেষ করে একজন শিল্পী মঞ্চে গান পরিবেশনের সময় তার দিকে বোতল ছুড়ে মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগীত ও বিনোদন অঙ্গনের অনেকেই। একই সঙ্গে কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে পুরো ঘটনা নিয়ে বিতর্ক বাড়াতে চাননি হাসান। বরং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা তুলে ধরে হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি।’
হাসান আরও লেখেন, ‘বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’
একই সঙ্গে দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এই শিল্পী। তার ভাষায়, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান।’
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বানও জানিয়েছেন হাসান। তিনি বলেন, বিভিন্ন সময় সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে কোনো শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়।
হাসানের এই বক্তব্যের পর তার পোস্টের মন্তব্যের ঘরে সমর্থন জানিয়েছেন সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও সাধারণ ভক্ত। তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান আক্ষেপ করে লেখেন, ‘আমরা এরকমই অশিক্ষিত এবং গণ্ডমূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!’
এদিকে কনসার্টে ঘটে যাওয়া ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কে বা কারা বোতলটি ছুড়েছেন, তা নিয়েও চলছে আলোচনা। সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
ফ্রি কনসার্টের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকসহ অনেকে।
একজন শিল্পীর মঞ্চে গান পরিবেশনের সময় এমন ঘটনা শুধু হাসানের জন্যই নয়, পুরো দেশের সংগীতাঙ্গনের জন্যই বিব্রতকর—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment